প্রতিবন্ধীদের অধিকার: অনেক অভিযোগ সংগঠনগুলোর
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতে ২০১৩ সালে প্রণীত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন কার্যকর হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবন্ধী নাগরিক সংগঠনগুলো।
২৬তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রোববার আয়োজিত এক সাংস্কৃতিক সমাবেশে এই আইনকে ‘কাগুজে’ আইন হিসেবে আখ্যা দিয়ে প্রতিবন্ধী নাগরিক সংগঠনগুলোর পরিষদ পিএনএসপির নেতারা বলেছেন, তারা এমন আইন চান না।
বিকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই সমাবেশে যোগ দেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ করিম, সমাজসেবা কার্যালয় অঞ্চল-৬ এর সমাজকল্যাণ কর্মকর্তা এম শহিদুজ্জামান। পিএনএসপির সভাপতি ওসমান খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সালমা মাহবুব।
প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রাপ্তবয়স্ক কোনো নাগরিককে কথা বলার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিবন্ধী নাগরিকরা।
এ বিষয়ে সালমা মাহবুব, “আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে ডাকা হল এক শিশু কন্যাকে, যার কিনা ভোটাধিকার নেই। নাগরিকদের অংশীদারিত্ব নিয়ে কথা বলতে যার আসলে কোনো অভিজ্ঞতা নেই। এ নিয়ে কথা বলতে গিয়ে আজও আমরা মন্ত্রণালয় থেকে কোনো জবাব পাইনি।”
২০১৩ সালে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (এনডিডি) আইন প্রণীত হয়, গঠিত হয় এনডিডি ট্রাস্ট। এই ট্রাস্টের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয় সমাবেশে।
সালমা মাহবুব বলেন, “এখনো এনডিডি ট্রাস্টের সাংগঠনিক কাঠামো ঠিক হল না। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনও আমাদের বিভিন্ন দাবি, পরামর্শ শুনছে না। সেখানে আমাদের প্রতিনিধিত্বও নেই সেভাবে।”
তার এসব অভিযোগের সঙ্গে একমত পোষণ করে পিএনএসপির সভাপতি ওসমান খালেদ বলেন, “সামাজিক, সাংস্কৃতিক অধিকার রক্ষায় আমাদের সঙ্গে আসলে সুস্থ-স্বাভাবিক মানুষের অংশগ্রহণ বড় দরকার। তাদের দৃষ্টিভঙ্গি বদলালে একদিন আইন কার্যকর হয়ে যাবে।”
“এই নাগরিকদের অনেক অভিযোগ আছে। তবে আমরা বলতে চাই, রাষ্ট্র তাদের কোনোভাবেই কেবলমাত্র ভাতাভোগী করে রাখতে চায় না, তাদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের জন্য যে স্কুলগুলো আমরা চালু করেছি, সেগুলোর মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করছি।”
পরে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘বিশেষ ক্ষমতাসম্পন্ন’ নাগরিক মো. আখতারুজ্জামান, শারমিন সুলতানা, আইরিন আজিজ শাম্মী, শারমিন আক্তার ও স্বপ্না আখতারসহ অন্যান্য শিল্পীরা।
