২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউডিসির কাজে খুশি ৬০ শতাংশ গ্রাহক: টিআইবি

গ্রামাঞ্চলে ডিজিটাল সেবা বিস্তৃত করতে সরকারি উদ্যোগ ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি ব্যাপক ‍সুফল দিচ্ছে বলে টিআইবির পর্যবেক্ষণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 08:54 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

তবে নতুন ধারার এই প্রতিষ্ঠানটি সঠিক নীতিকাঠামোর অভাবে ধুকছে বলেও দুর্নীতিবিরোধী সংস্থাটির মূল্যায়ন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে ২০০৯ সালে ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়, যা পরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি নাম পায়। গত চার বছরে (২০১৩-১৬ পর্যন্ত) সাড়ে চার কোটি গ্রামীণ মানুষ ইউডিসির সেবা নিয়েছে বলে এটুআইয়ের তথ্য।

ইউডিসির কাজের উপর এক বছরে ধরে গবেষণা চালিয়ে রোববার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার প্রতিবেদন প্রকাশ করা হয়।

টিআইবির গবেষক দলের সদস্য জুলিয়েট রোজেটি প্রতিবেদনের ফলাফল তুলে ধরতে গিয়ে বলেন, ইউডিসিকে তৃণমূলের জনগণের কাছে সরকারি, বাণিজ্যিক ও তথ্যসেবা ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও সহজলভ্য করতে একটি সম্ভাবনাময় উদ্যোগ বলে মনে হয়েছে। ২০১৬ সালে গ্রামাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ খানা ইউডিসি থেকে বিভিন্ন ধরনের সেবা নিয়েছে। সেবাগ্রহীতাদের ৬০.৭ শতাংশ মানুষ সন্তুষ্টি জানিয়েছে।

জমির পর্চা তোলার আবেদন, প্রবাসী শ্রমিক নিবন্ধন, হজ নিবন্ধনসহ অন্যান্য সরকারি সেবাগুলো ইউডিসি থেকে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অর্থ ব্যয় হ্রাস হয়েছে, সেবার জন্য জেলা শহরে যাওয়ার হার কমেছে এবং সময়ও বাঁচছে।

“সেবাদাতা ও গ্রহীতার মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হওয়ায় দুর্নীতি ও ঘুষের প্রবণতাও কমেছে অনেকে ক্ষেত্রে,” বলেছে টিআইবি।

তবে উল্লেখযাগ্য যন্ত্রপাতি অচল হয়ে থাকা, বিদ্যুৎ সুবিধা না থাকা ও ইন্টারনেটের ধীর গতির কারণে প্রকল্পের সেবা ও সম্ভাবনা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

রোজেটি বলেন, “পরিপত্রে প্রতিযোগিতামূলক নির্বাচন পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তা নিয়োগের কথা উল্লেখ নেই। প্রয়োজনীয় প্রযুক্তি দক্ষতা বিষয়ক নির্দেশনা, চুক্তির মেয়াদ, উদ্যোক্তাদের মধ্যে মুনাফা বণ্টন নির্দেশনা সেবামূল্য (সার্ভিস চার্জ) ও ইউপি থেকে সহায়তা পাওয়ার শর্ত সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এগুলো প্রকল্পে অস্পষ্টতা তৈরি করেছে।”

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি ও ঘুষ কমাতে এই প্রকল্প অনেক সম্ভাবনা সৃষ্টি করেছে। সেবার জন্য অর্থ, সময় ও হয়রানি কমে আসছে।

“কাঠামোগত বেশ কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও সব মিলিয়ে ইতিবাচকভাবে চলছে। বাণিজ্যিক ভিত্তিতে যারা ইউডিসিতে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা লাভবান হচ্ছেন। বিনিময়ে সেবা গ্রহীতাদেরকে তাদের হাতে হয়রানির শিকার হতে হয়নি। তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে উল্লেখযোগ্য সম্ভাবনা সৃষ্টি করেছে। প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের একটা ইতিবাচক দিক এই প্রকল্প।”

প্রকল্পের কিছু দিকের সমালোচনা করে তিনি বলেন, নীতিকাঠামোর স্পষ্টতা অনেক ক্ষেত্রেই নেই। উদ্যোক্তা তৈরি, তাদের নির্বাচন প্রক্রিয়া, তাদের মেয়াদের বিষয়ে কিছু্ বলা নেই। ফলে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের তাদের পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার একটা আশঙ্কা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা ঘটছেও।”

চুক্তির মেয়াদ ‘আকর্ষণীয়’ নয় বলে উদ্যোক্তারা ঝুঁকির মধ্যে রয়েছেন, বলেন ইফতেখারুজ্জামান।

“প্রতিটি ইউডিসিতে দুজন করে উদ্যোক্তা থাকবেন এটা বলা সত্ত্বেও তাদের মুনাফা বণ্টনের ব্যবস্থা নেই। সেবামূল্যের কোনো নির্ধারিত তালিকা নেই। সেন্টারগুলো ব্যক্তিনির্ভর।”

বিটিভি ও বাংলাদেশ বেতারকে ব্যবহার করে এই প্রকল্পের প্রচার বাড়ানোর পরামর্শও দেন টিআইবির নির্বাহী পরিচালক।

গবেষণার প্রেক্ষাপট তুলে ধরে  তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়, আমরা যেন এর বস্তুনিষ্ঠভাবে একটি মূল্যায়ন করি; আমরা তাতে সাড়া দিই। তাদের প্রস্তাব ছিল গবেষণা ব্যয় বহনের, কিন্তু আমরা তা গ্রহণ করিনি। কারণে তাকে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। গবেষণার ফলাফলের উপর এর প্রভাব পড়তে পারে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণায় প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে। ৬৩টি জেলার তিন হাজার ৫৩টি খানা, ১০৪ জন ইউডিসি উদ্যোক্তা, ইউনিয়ন পরিষদের ৯১ জন সচিবের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই গবেষণা করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান, ইউএনও, এডিসি (জেনারেল), এসি (আইসিটি), স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে।