‘দ্বৈত ব্যবস্থা’র প্রভাবে দুর্নীতি নিম্ন আদালতে: টিআইবি
নিম্ন আদালতে দুর্নীতির জন্য সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের ‘দ্বৈত নিয়ন্ত্রণ’কে দায়ী করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা তুলে ধরে এর অবসানে নিম্ন আদালতের পুরো নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের অধীনে আনার সুপারিশ করা হয়।
‘বাংলাদেশের অধস্তন আদালত ব্যবস্থা : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক নাজমুল হুদা মিনা।
১৮ দফা সুপারিশ তুলে ধরে তিনি বলেন, “অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান এককভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করতে হবে।”
একই সঙ্গে ‘প্রযোজ্য ক্ষেত্রে’ আইন প্রণয়ন ও আইনি সংস্কারের সুপারিশও করা হয়েছে জার্মানভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের গবেষণায়।
টিআইবি সম্মেলন কক্ষে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “সুপ্রিম কোর্ট ও মন্ত্রণালয়ের যে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা বিরাজ করছে, সেটাকে বিচার বিভাগের যে সমস্যাগুলো দীর্ঘসূত্রতা, প্রশাসনিক দ্বন্দ্ব ও আনুগত্যের দ্বন্দ্বের কারণ এবং পেশাগত দক্ষতা বিকাশের পথে অন্তরায় হিসাবে বিবেচনা করছি আমরা।”
টিআইবির গবেষণাপত্রে বলা হয়, “বর্তমানে বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতির বিষয়গুলো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, যা কিছু ক্ষেত্রে অধস্তন আদালত ব্যবস্থার কার্যক্রমকে প্রভাবিত করায় বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতের ক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি করছে।
“অন্যদিকে বাংলাদেশের সংবিধানে ১০৯, ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর হাই কোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ বিদ্যমান। এই দ্বৈত প্রতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে অধস্তন আদালত সংক্রান্ত কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানের প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি ও টানাপড়েনের কারণে কিছু ক্ষেত্রে সময়ক্ষেপণ বা দীর্ঘসূত্রতা প্রাতিষ্ঠানিক সক্ষমতার ক্ষেত্রে ঘাটতির সৃষ্টি হয়েছে।”
সার্বিকভাবে বিচার বিভাগের সঙ্গে শাসন বিভাগ ও আইন বিভাগের সম্পর্কে যে ঘাটতি রয়েছে, তার প্রভাব অধস্তন আদালতেও পড়ছে বলে মনে করে টিআইবি।
পদত্যাগী প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে সরকারের টানাপড়েনের প্রভাব নিম্ন আদালতে পড়েছে কি না- এ প্রশ্নে টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল বলেন, “আমরা সাধারণ নাগরিক হিসাবেও কিন্তু প্রভাবিত হয়েছি। একটা ছায়া পড়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। বিচার ব্যবস্থার আরেকটি অংশ (নিম্ন আদালত) এর মাধ্যমে প্রভাবিত না হওয়ার কোনো কারণ নাই। সুপ্রিম কোর্টের সঙ্গে যে দ্বন্দ্ব ইদানিংকার ঘটনার সেটা আরও বেড়েছে। তার মানে নিম্ন আদালতে প্রভাব অবশ্যই পড়েছে।”
গবেষণা প্রতিবেদনের প্রাথমিক অংশ উপস্থাপন করে টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক শাম্মী লায়লা ইসলাম জানান, জানুয়ারি-অক্টোবর ২০১৭ সময়ের মধ্যে গবেষণাটি চালানো হয়।
৬৪টি জেলা থেকে বিভাগীয় প্রতিনিধিত্ব এবং মামলার সংখ্যার আধিক্য বিবেচনায় মোট ১৮টি জেলা নির্বাচন করে সেখানে অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের ৬৬ জন বিচারক ছাড়াও, কর্মকর্তা-কর্মচারী, বিচারপ্রার্থী, আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী, আইনজীবী সহকারী, জেলা আইনগত সহায়তা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ মোট ৪৩৭ জনের সাক্ষাৎকার গ্রহণ করে টিআইবি।
মামলার ধরন, গুরুত্ব, বিবাদী বা আসামির সংখ্যা, কাজের অত্যাবশ্যকীয়তা, বিচারপ্রার্থীর সামর্থ্য ও এলাকার ওপর নির্ভর করে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থ লেনদেনের অভিযোগ উঠে এসেছে গবেষণায়।
এক প্রশ্নের উত্তরে ইফতেখারুজ্জামান বলেন, সরাসরি বিচারক অর্থ নিয়েছেন এমন কোনো তথ্য তারা সঠিকভাবে পাননি। তবে বিচারকের নামে আইনজীবী কিংবা আদালত কর্মকর্তা-কর্মচারীদের অর্থ আদায়ের অভিযোগ তারা পেয়েছেন।
সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসানও উপস্থিত ছিলেন।
