২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেলটার ৩ চিকিৎসকের বিরুদ্ধে মৃত রোগীর স্বজনের অভিযোগ

ঢাকার মিরপুরের ডেলটা হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন মৃত এক রোগীর স্বজন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 09:12 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

এতে অভিযোগ করা হয়েছে, ক্যান্সারের ওই রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল বলে তার মৃত্যু ঘটেছে।

বুধবার এই আবেদন দাখিলের পর ঢাকার মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আগামী ১০ জানুয়ারির মধ্যে  বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন।

টাঙ্গাইলের দেলদুয়ারের মো. রুহুল আমীন এই অভিযোগটি করেন। তার ছোট বোন ক্যান্সারাক্রান্ত সুমি আক্তার বেসরকারি ওই হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আইনজীবী রুহুল তার বোনের মৃত্যুর জন্য হাসপাতালের চিকিৎসক রেফাত হোসেন মালিক (৫৩), এম এস সরওয়ার আলম (৬০), ডা. শম্পাকে (৩৫) দায়ী করেছেন। সেই সঙ্গে হাসপাতালটির পরিচালকের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।

একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত সুমি ভারতের মুম্বাই টাটা মেমোরিয়ালি সেন্টার থেকে গলব্লাডারের ক্যান্সারের চিকিৎসা নিয়ে এসে মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

গত ৫ নভেম্বর তাকে ডেলটা হাসপাতালে ভর্তি করা হয়।

রুহুল আরজিতে বলেন, ডেলটায় আনার আগে সুমির পেটে সামান্য ব্যথার উপসর্গ ছিল। ডেল্টায় ভর্তির পর চিকিৎসকরা বলেন, ‘আইসিইউতে ভর্তি করা না হলে রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে’।

“আইসিইউতে ক্যন্সারের চিকিৎসায় অনভিজ্ঞ একজন চিকিৎসক একের পর এক ১৮টি ভুল ইনজেকশন দিয়ে আমার বোনকে মেরে ফেলেন।”

রোগীর স্বজনের এই অভিযোগের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাইলে ডেলটার সহকারী ব্যবস্থাপক হুমায়ুন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে পারবেন।”

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর তার সাড়া মেলেনি।