২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফইউজের নির্বাচন দাবিতে সমাবেশ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়েছে দাবি করে নতুন নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে এক দল সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 12:17 AM

Updated : 19 Aug 2022, 06:04 PM

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই সমাবেশে অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

সমাবেশে সভাপতিত্বকারী জাফর ওয়াজেদ বলেন, “বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে সাংবাদিকদের একটি মহল তৎপর হয়ে উঠেছে। তারা সাংবাদিক সংগঠনের নামে ক্ষমতা দেখাতে চান। এটি কারও কাম্য হতে পারে না।”

বিএফইউজেতে মঞ্জুরুল আহসান বুলবুল ও ওমর ফারুক চৌধুরী নেতৃত্বাধীন বর্তমান কমিটিকে মেয়াদোত্তীর্ণ দাবি করে এই কমিটিকে সরকারি কোনো অনুষ্ঠানে না ডাকার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে।

জাফর ওয়াজেদ বিএফইউজের সাবেক সভাপতি ও বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও মঞ্জুরুল আহসান বুলবুলের নানা ভূমিকার সমালোচনাও করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএফইউজের বর্তমান নেতারা নিয়ম কানুনের তোয়াক্কা না করেই কমিটির মেয়াদ তিন বছর করতে চাইছেন।

সমাবেশে আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচনসহ ছয়টি প্রস্তাব তুলে ধরেন জাফর ওয়াজেদ।

সমাবেশে বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব মোল্লা জালাল, সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএফইউজের বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মধূসুদন মন্ডল, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক উপস্থিত ছিলেন।