বামদের হরতালে ১৬ আইনজীবীর সমর্থন
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালে সমর্থন জানিয়েছেন সুপ্রিম কের্টের ১৬ আইনজীবী।
কর্মসূচির দুদিন আগে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালে সমর্থনের কথা জানান তারা।
এই আইনজীবীরা হলেন সুব্রত চৌধুরী, তবারক হোসেন, এস এম সবুর, শেখ আকতার-উল ইসলাম, সগীর আনোয়ার, এম এ তাহের, আনোয়ার হোসেন রেজা, সোহেল আহম্মেদ, আইনুন্নাহার সিদ্দিকা, হাসান তারেক চৌধুরী সোহেল, নুরুদ্দীন আল হোসেন, শাহজাহান চৌধুরী, দিগ্বিজয় চন্দ, তারজেল হেসেন, হুমায়ন কবীর ও পারভেজ আলমগীর।
গত বৃহস্পতিবার বিইআরসি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আগামী ৩০ নভেম্বর সারাদেশে আধাবেলা হরতাল ডাকে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।
এই হরতালে সমর্থন দিয়ে আইনজীবীদের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সমস্ত যুক্তি উপেক্ষা করে সরকার গায়ের জোরে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।”
বিইআরসিতে গত ২৪ সেপ্টেম্বর গণশুনানিতে উত্থাপিত যুক্তি তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার ভুলনীতি ও দুর্নীতি পরিহার করলে কমপক্ষে ৭ হাজার কোটি টাকা সাশ্রয় করা যাবে। শুধু তাই নয়, বিদ্যুৎ উৎপাদনে ডিজেলের পরবর্তে ফার্নেস অয়েল ব্যবহার, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করলে এবং দুর্নীতি, অপচয়, লুটপাট বন্ধ করলে বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং প্রতি ইউনিটে ১ টাকা ৫৬ পয়সা দাম কমানো সম্ভব।”
সরকার বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী, বিদ্যুৎ আমদানিকারক, এলএনজি আমদানিকারকদের ‘মুনাফার স্বার্থে’ বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে দাবি করেন এই আইনজীবীরা।
হরতালের সমর্থনে ছাত্র-যুব সমাজসহ সব পেশাজীবীদের রাজপথে নামার আহ্বানও জানান তারা।
