নগরায়নের প্রভাবে সামাজিক মূল্যবোধে ধস: গোলাম মুরশিদ
ক্রমবর্ধমান নগরায়নের প্রভাব ও সেবামূলক শিল্পের বিকাশে আবহমান বাংলার সংস্কৃতি বদলে সামাজিক মূল্যবোধ ধসে পড়েছে বলে মন্তব্য করেছেন লেখক-গবেষক গোলাম মুরশিদ।
‘বাংলার সংস্কৃতির বৈশিষ্ট্য’ শিরোনামে একক বক্তৃতায় তিনি বলেছেন, “বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশের সামাজিকতার ঐতিহ্যিক মূল্যবোধ ধসে পড়েছে। সমষ্টি ছিল আগে প্রাধান্য, আর এখন ব্যক্তি স্বাতন্ত্র্য, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা প্রাধান্য পাচ্ছে।
“এখন সব কিছুতে টাকা উপার্জনের এক বিরাট প্রতিযোগিতার সংস্কৃতি।”
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরেরর কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই একক বক্তৃতা হয়।
অর্থ উপার্জনের এক ‘অসুস্থ প্রতিযোগিতা’ চলছে বলে মন্তব্য করে গোলাম মুরশিদ বলেন, “অন্ধ অর্থলোভ মানুষকে পাগল করে দিয়েছে। অনেক পরিবার তো জানেই না, নিজেদের কত টাকা আছে। এখন অর্থের জন্য মানুষ মানুষকে খুন করছে। খুন করলেও সমস্যা নেই। ঘুষ দিলে রেহাই পাওয়া যায়, তাই এ নিয়ে মাথাব্যথা নেই।”
বাংলাদেশের শিল্প-সংস্কৃতি অঙ্গন নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে গোলাম মুরশিদ বলেন, “আজকাল কেউ টাকা থাকলেই চ্যানেলে এসে গান গাইছে, সে গান গাইতে পারুক আর না পারুক। হাজারও গ্রন্থ, উপন্যাস প্রকাশ হচ্ছে। কিন্তু এসব তো মানহীন। আজকাল টাকা থাকলে যেন এসব কিছুই সম্ভব। সংগীত শুনলে মনে হয় চটুল চিৎকার। আজকাল নাটক তো হয় না, হচ্ছে না-টক।”
সমাজ থেকে ত্যাগ ও দানশীলতার সংস্কৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে বলেও আফসোস করেন এই গবেষক।
তিনি বলেন, “আমাদের দেশে সহনশীলতার সংস্কৃতি হারাতে বসেছে। ভিন্ন ধর্মাচরণ মেনে নিতে চায় না বাঙালি। ধর্ম প্রচার করতে গিয়ে শান্তির কথা না বলে বলা হচ্ছে সহিংসতার কথা। গণতান্ত্রিক কাঠামোতেও এখন ধর্মকে বাজেভাবে ব্যবহার করা হচ্ছে।”
পারিবারিক ও সামাজিক কাঠামোতে গণতান্ত্রিক চর্চা ক্রমেই কমছে বলে মন্তব্য করেন তিনি।
“পরিবার ও সমাজে এখন গণতান্ত্রিক স্পিরিটের খুব অভাব। অন্যের মতের প্রতি সহনশীল নই আমরা। গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে পাই কেবল নির্বাচনের সময়। আদতে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি না।”
প্রযুক্তির সহজলভ্যতায় সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে একপক্ষ সমালোচনা করলেও গোলাম মুরশিদ বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ প্রজন্ম কিন্তু দারুণ কিছু করে দেখাচ্ছে। তবে স্কুল কলেজগামী ছেলে-মেয়েদের ফেইসবুক ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলেই হল। আমি তো বলব, প্রযুক্তি ছেলে-মেয়েদের মধ্যে একটি ইতিবাচক প্রভাবই ফেলছে।”
স্বাধীনতার পরে বাংলাদেশের নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেও নারীর সামাজিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে মনে করেন গোলাম মুরশিদ।
তিনি বলেন, “বাংলার নারীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা সত্যি ইতিবাচক। স্বাধীনতার পরেই সরকার শতকরা ৩০ ভাগ চাকরি নারীদের জন্য বরাদ্দ করলেন। সেটা যে কি উপকার করেছে নারীদের! সত্যি সত্যি দেশ এক লাফে অনেক দূর এগিয়ে গেছে। পারিবারিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি হয়েছে নারীদের। কিন্তু সত্যি বলতে কী, নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলায়নি। তারা নারীদের মান্য করে, কিন্তু শ্রদ্ধা করে না। তাদের কাছে নারী এখনও ভোগের বস্তু।”
ধর্মের নামে পোশাক-পরিচ্ছদের দোহাই দিয়ে নারীকে বার বার পিছিয়ে দেওয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তবে নারীর এগিয়ে যাওয়া নিয়ে আশাবাদী এই লেখক বলেন, “শত বছরের আগের নারীর সঙ্গে আজকের নারীর অনেক পার্থক্য। যত বাধাই আসুক, নারীর অগ্রগতি কেউ রুখতে পারবে না।”
শিক্ষকতায় পেশা জীবন শুরু করা গোলাম খুরশিদ পরে সাংবাদিকতায় যুক্ত হন। বাংলার সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে তিনি নিয়মিত লিখে চলেছেন।
বাংলাদেশ ছাড়াও ভারত ও ইংল্যান্ড থেকে ২০টির বেশি বই প্রকাশ হয়েছে তার, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখেন তিনি।
তার প্রথম বই ‘রিলুকেন্ট ডেব্যুটেন্ট: রেসপন্স অফ বাঙালি উইমেন টু মর্ডানাইজেশন’ প্রকাশিত হয় ১৯৮২ সালে। দক্ষিণ এশিয়ার নারীদের উপর লেখা এই বই আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে প্রশংসিত হয়েছে। তার লেখা মাইকেল মধুসূদন দত্তের জীবনীগ্রন্থ ‘আশার ছলনে ভুলি’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে।
পরে তিনি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে বই লেখেন। বাংলাদেশের ইতিহাস নিয়ে গোলাম মুরশিদ লিখেছেন ‘মুক্তিযুদ্ধ ও তারপর’, বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশ নিয়ে লিখেছেন ‘হাজার বছরের বাংলা সংস্কৃতি’।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় তার ‘বিবর্তনমূলক বাংলা অভিধান’টি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া এই লেখক এখন লন্ডন বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ভাষা ও সংস্কৃতি বিভাগের গবেষণা সহযোগী হিসেবে কাজ করছেন।
