বিচারকদের চাকরিবিধি নিয়ে মতভেদ দূর হয়েছে: মন্ত্রী
প্রধান বিচারপতির দায়িত্ব থেকে এস কে সিনহা সরে যাওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের চাকরিবিধি নিয়ে সরকারের সঙ্গে মতপার্থক্যের অবসানও ঘটল।
আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পর আইনমন্ত্রী আনিসুল হক এই খবর সাংবাদিকদের দিয়েছেন।
রাতে কাকরাইলে জাজেস কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার বাসভবনে এই বৈঠক হয়।
রাত ৮টার পর থেকে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির বিষয়ে কিছু মতপার্থক্য ছিল। আমি খুব আনন্দের সাথে বলছি, যেসব মতপার্থক্য ছিল সেসব দূর করেছি। শৃঙ্খলাবিধির ব্যাপারে আমরা ঐকমত্যে এসেছি।”
এখন বিধিমালার খসড়া রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং তার অনুমোদন পেলে গেজেট প্রকাশ করা হবে বলে জানান তিনি।
“আশা করছি, ৩ ডিসেম্বর আদালতে শুনানির যে দিন রয়েছে তার আগেই গেজেট প্রকাশ হতে পারে।”
বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে বিচার বিভাগের সঙ্গে রাষ্ট্রের নির্বাহী বিভাগের দীর্ঘ টানাপড়েনের পর আইনমন্ত্রী আনিসুল হক ওই বিধিমালার খসড়া সুপ্রিম কোর্টে জমা দিলেও পদত্যাগী প্রধান বিচারপতি সিনহা গত ৩০ জুলাই তা গ্রহণ না করে কয়েকটি শব্দ ও বিধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মতপার্থক্য নিরসনে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের আলোচনায় ডেকেছিলেন তিনি।
আইনমন্ত্রী সে সময় সুপ্রিম কোর্টে না যাওয়ায় গত ২০ অগাস্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি সিনহা।
এরইমধ্যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর দেশ ছাড়ার পর সম্প্রতি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিচারপতি সিনহা।
বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর বিচারকদের চাকরিবিধির এ বিষয়টি গত ৮ অক্টোবর আপিল বিভাগে উঠলে সে সময় ৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।
৫ নভেম্বর বিষয়টি আদালতে এলে অ্যাটর্নি জেনারেল আবারও সময়ের আবেদন করেন। শুনানি শেষে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ ৩ ডিসেম্বর পর্যন্ত সময় মঞ্জুর করেন।
