রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুদান, তাজিকিস্তান ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অনাবাসিক দূত।
বৃহস্পতিবার সুদানের রাষ্ট্রদূত সিরাজুদ্দিন হামিদ ইউসিফ, তাজিকিস্তানের রাষ্ট্রদূত মিরজোশরিফ জালোলভ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হাই কমিশনার ডেভ চন্দলাল পারসাদ বঙ্গভবনে গিয়ে পৃথকভাবে পরিচয়পত্র দেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়। রাষ্ট্রপতি আশা করেন, নতুন রাষ্ট্রদূতরা বাংলাদেশের সাথে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
প্রেস সচিব বলেন, “রাষ্ট্রদূতরা বলেন, বাংলাদেশের সাথে তারা নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। তারা বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নেও প্রয়াস চালাবেন।”
এর আগে তিন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।
