২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ঘুষ নেওয়ার সময় শিক্ষা অফিসের কর্মী গ্রেপ্তার

এক শিক্ষকের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় সিরাজগঞ্জের চৌহালি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 06:33 PM

Updated : 12 Apr 2022, 12:44 AM

কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা অফিসারের কার্যালয় থেকে আব্দুল মালেক নামের ওই অফিস সহকারীকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রনব বলেন, “দুদকের বিশেষ টিমের সদস্যরা ফাঁদ পেতেছিল। এক শিক্ষকের কাছ থেকে ১০ হজার টাকা ঘুষ নেওয়ার সময় আব্দুল মালেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

ঘটনার বিবরণে প্রনব বলেন, স্থানীয় চৌবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামের বেতন-ভাতার এরিয়ার বিল বাবদ চার লাখ টাকা বিল পাসের জন্য আব্দুল মালেক ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।

শরিফুল ইসলাম বিষয়টি থানা শিক্ষা অফিসারকে জানালে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে অফিস সহকারী আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরে ওই শিক্ষক আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগ করলে ১০ হাজার টাকার কমে বিল পাস হবে না বলে তাকে জানানো হয়। তখন তিনি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন।

এরপর কমিশনের ছয় সদস্যের একটি দল পরিকল্পনা করে ওই শিক্ষককে টাকাসহ আব্দুল মালেকের কাছে পাঠায় এবং ঘুষের টাকা হাতবদলের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান প্রনব।

তিনি বলেন, এ ঘটনায় দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম মাওলা চৌহালি থানায় একটি মামলা করেছেন।