২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার আরজি, কয়েক ঘণ্টা পর খারিজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যে তা খারিজ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 06:02 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

মমতাজ ইসলাম নামের এক ব্যবসায়ী বৃহস্পতিবার দুপুরে আদালতে ওই আবেদন করেছিলেন।

বিকালে শুনানি নিয়ে মহানগর হাকিম মাজহারুল হক আবেদনটি খারিজ করে দেন বলে মমতাজের আইনজীবী এখলাছ উদ্দিন ভুইয়া জানান।

মামলার আর্জিতে বলা হয়, পুরান ঢাকার বঙ্গবাজারের উল্টো দিকে আনন্দবাজারে বঙ্গ ইসলামীয়া সুপার মার্কেট উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার হবে- এমন কথা বিভিন্ন জনসভা ও গণমাধ্যমে সাঈদ খোকন বলেছেন।

আইনজীবী এখলাছ বলেন, “পুরুষানুক্রমে ৪২ বছর ধরে এই মার্কেটের জায়গার মালিক মমতাজ ইসলাম। আদালতে তাদের পক্ষে রিটও করা হয়েছে।

“কিন্তু মেয়র সাঈদ খোকন আদালতের আদেশ উপেক্ষা করে জায়গাটিতে আনন্দবাজার বাস স্টেশন করতে চাচ্ছেন। বিভিন্ন জনসভা ও গণমাধ্যমে এই অভিপ্রায় ব্যক্ত করায় বাদির মানহানি হয়েছে।”

এজন্য মামলার আবেদন করা হয়েছিল।

“শুনানি শেষে মামলার পক্ষে যথেষ্ট তথ্য-উপাত্ত না থাকায় তা খারিজ করে দেন বিচারক,” বলেন আইনজীবী এখলাছ।