বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাতে শিশু শ্রমিক নেই: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাতে কোনো শিশু শ্রমিক নেই, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শিশুদের শ্রম থেকে ফেরানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে বুধবার চতুর্থ বিশ্ব শিশুশ্রম সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন বলে রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুন্নু বলেন, শিশুশ্রম শিশুদের ন্যায্য মানবাধিকার থেকে বঞ্চিতই করে না, দেশের সার্বিক উন্নয়নেও বিঘ্ন ঘটায়।
“শিশুশ্রম নিরসনে সরকারের নানামুখী পদক্ষেপের ফলে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাতে কোনো শিশু শ্রমিক নেই। এখন অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শিশুদের শ্রম থেকে ফেরানোই বড় চ্যালেঞ্জ।”
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি সামনে রেখে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনের লক্ষ্য নির্ধারণ করে শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্প নেওয়া হয়েছে।
বাংলাদেশ আইএলও’র সাতটি কোর কনভেনশনসহ ৩৫টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে, যার মধ্যে শিশুশ্রম বিষয়ক কনভেনশনও রয়েছে।
সম্মেলনে বক্তৃতায় চুন্নু বলেন, বাংলাদেশ সরকার ২০০৬ সালে বাংলাদেশ শ্রম আইন প্রণয়ন করেছে, যা ২০১৩ সালে সংশোধন করা হয়।
“শ্রম আইনে ১৪ বছরের নিচে শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। শ্রম আইনে বলা হয়েছে, ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত শিশুরা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে। একই সাথে ত্রিপক্ষীয় পরামর্শের আলোকে ৩৮টি সেক্টরকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।”
গৃহকর্ম থেকে শিশুদের রক্ষায় সরকার ২০১৫ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী।
চার দিনের সম্মেলনের শেষ দিনে আগামী ১৭ নভেম্বর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দেশের পক্ষে শিশুশ্রম নিরসন এবং শিশুদের অধিকার রক্ষায় অঙ্গীকার করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
