২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 05:24 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রোববার বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

পরে স্পিকার শুরু হওয়া অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- রফিকুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুল মান্নান, জিয়াউল হক মৃধা ও জয়া সেনগুপ্তা।

এরপর স্পিকার সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এম কে আনোয়ার, সাবেক সংসদ সদস্য সরদার মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন ও মো. মর্তুজা হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নূরুল ইসলাম, ক্রীড়াবিদ শামসুল আলম মোল্লা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নজিবুল হক সরদার, একাত্তরের গেরিলা যোদ্ধা আবুল মাসুদ সাদেক চুল্লু, নিসর্গবিদ দ্বিজেন শর্মা, সিপিবি নেতা জসিম উদ্দিন মণ্ডল, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন, বাংলাদেশের বন্ধু ফাদার মারিনো রিগনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের কনসার্টে সন্ত্রাসী হামলা, মেক্সিকোয় ভূমিকম্প, নিউ ইয়র্কে ট্রাক হামলা, যুক্তরাষ্ট্রের টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলা এবং  দেশে-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রকাশ করা হয়।

পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংসদ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

সংসদের শুরু হওয়া অধিবেশন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য-উপদেষ্টা কমিটি। অধিবেশন শুরুর আগের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সংসদ সচিবালয়ে থেকে জানানো হয়, প্রতিদিন বিকাল ৪টায় সংসদের বৈঠক বসবে। 

বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।