২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আনোয়ারা সৈয়দ হক

জন্মদিনে কবি-লেখক ও শুভান্যুধায়ীদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হলেন কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 12:09 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

স্বামী প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের ছায়ায় নিজেকে পাদপ্রদীপের আলো থেকে দূরে সরিয়ে রাখলেও তিনি কথাসাহিত্যে নিজের একটি ‘স্বতন্ত্র’ অবস্থান তৈরি করেছেন বলে মন্তব্য করেন তারা।

আনোয়ারা সৈয়দ হকের ৭৭তম জন্মবার্ষিকীতে রোববার বিকালে রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনোয়ারা সৈয়দ হককে নিয়ে অনুষ্ঠানে কথা বলেন তার ছেলে দ্বিতীয় সৈয়দ হক, তার ভাই হুমায়ুন ইসলাম চৌধুরী স্বপন, কবি রুবী রহমান, কবি দিলারা হাফিজ, সমাজকর্মী অ্যারোমা দত্ত, কথাসাহিত্যিক-মনোবিজ্ঞানী মোহিত কামাল, শিক্ষা বার্তা সম্পাদক এএন রাশেদা, সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজীজ, কবি ফরিদ কবির, জাকির তালুকদার, ছড়াকার আসলাম সানী, আলোকচিত্রী মুনিরা মোরশেদ মুন্নী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী।

Image
মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক

মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক

অ্যারোমা দত্ত বলেন, “আনোয়ারা সৈয়দ হক নিজেই একটি প্রতিষ্ঠান। সর্বদা অত্যন্ত জাগ্রত, পূর্ণ একজন মানুষ।”

দিলারা হাফিজ বলেন, “আসলে আপার বয়স ২৭ বছর। আমরা চাই ২৭-এর তারুণ্যই তার মাঝে থাকুক।”

মোহিত কামাল বলেন, “তার হাত ধরেই আজ আমি মনোবিজ্ঞানী হয়েছি। একইভাবে কথাসাহিত্যেও তাকে অনুসরণ করেছি। কথাসাহিত্যিক হিসেবে পরিচিতি পেলেও তার কবিসত্ত্বা অনেক বেশি শক্তিশালী।”

কবি-সাংবাদিক মাহবুব আজীজ বলেন, “সৈয়দ শামসুল হক হয়ে উঠার পেছনে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান রয়েছে, তিনি হচ্ছেন আনোয়ারা সৈয়দ হক। বাংলা সাহিত্যে তিনি অনেকদিন বেঁচে থাকবেন, সৈয়দ হকের মতো একজন মানুষকে সহ্য ও পরিচর্যা করার জন্য। আনোয়ারা আপার লেখা সমকালীন চিন্তায় আবিষ্ট হয়েছি। ক্রমাগত তিনি আধুনিক হয়ে উঠেছেন।”

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত আনোয়ারা সৈয়দ হক বলেন, “আয়োজকরা যখন আমার জন্মদিন পালনের কথা বলে, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি মানা করে দিয়েছিলাম। কিন্তু তাদের পীড়াপীড়িতে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিন পালন করা হল।

“আমি সবার ভালোবাসায় মুগ্ধ। ভেবেছিলাম কেউ ফুল আনবে না আমার জন্য, কিন্তু এখন এত ফুল ঘরে কীভাবে নিয়ে যাব, সেটি ভাবছি।”

মায়ের জন্মদিনে ছেলে দ্বিতীয় সৈয়দ হক বলেন, “গত এক বছরে এই প্রথম কোনো আনন্দ আয়োজনে যোগ দিলাম। গত এক বছর ধরে শুধু বাবার শোকসভায় অংশ নিচ্ছি। এই প্রথম মায়ের জন্মদিন উদযাপন দেখে ভালো লাগছে।”