দুই বছর আগে রংপুরে অপহৃত কিশোরীকে ঢাকায় উদ্ধার
দুই বছর আগে রংপুর থেকে অপহৃত এক কিশোরীকে ঢাকার বাড্ডা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার মেয়েটিকে উদ্ধারের সঙ্গে অপহরণকারী মাহিন নামের এক যুবকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পিবিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পিবিআই জানিয়েছে, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় রংপুরের কোতোয়ালি থানা এলাকার শালবন মিস্ত্রিপাড়ার নিজ বাসার সামনে থেকে অপহৃত হন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থী।
ওই ঘটনায় তার মা রংপুর কোতোয়ালি থানার মামলা করার পর পুলিশ দীর্ঘদিন ধরে মাহিনকে খুঁজছিল। মাহিনকে না পেয়ে পুলিশ তাকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয়। পরে আদালত মাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পিবিআই জানায়, মাহিন রাজধানীতে অবস্থান করছে এমন খবর পেয়ে শুক্রবার সকালে অভিযান চালিয়ে মহিনকে গ্রেপ্তার এবং মেয়েটিকে উদ্ধার করা হয়।
স্কুলে আসা যাওয়ার সময় মাহিন তাকে উত্ত্যক্ত করত জানিয়ে পিবিআইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়েটির পরিবার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে মাহিন অপহরণের ঘটনা ঘটায়।
অপহরণের পর মাহিন তাকে নিয়ে প্রথমে জয়দেবপুরে এবং পরে রাজধানীর বাড্ডা এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিল জানিয়ে পিবিআই বলছে, প্রাণহানির শঙ্কায় ওই মেয়ে মাহিনের সাথে বসবাস করে আসছিল।
