ঠিকাদারদের ১১ দাবি
তিন কোটি টাকা পর্যন্ত উন্নয়ন কাজে বিনা শর্তে দরপত্রে অংশগ্রহণে সাধারণ ঠিকাদারদের সুযোগ দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত ঠিকাদার সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে পরিষদের আহ্বায়ক মুশফিকুর রহমান হান্নান ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক এসব দাবি তুলে ধরেন।
মানববন্ধনে গণপূর্ত, ওয়াসা, শিক্ষা, সড়ক, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ঠিকাদার সমিতির ঠিকাদাররা অংশ নেন।
ইজিপি (ই-গভর্নমেন্টস প্রকিউরমেন্ট) প্রক্রিয়া স্থগিত রেখে এর ‘অযৌক্তিক শর্তগুলো’ শিথিল ও ঠিকাদারদের প্রশিক্ষিত করে ধাপে ধাপে তা চালুর দাবি করেন তারা।
এছাড়া বিভিন্ন অধিদপ্তরে ঠিকাদারদের সম্পন্ন করা কাজের বিল অবিলম্বে পরিশোধ, ঠিকাদারদের নির্ধারিত লভ্যাংশ ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করা, দরপত্রে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেটের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছর করা, উন্নয়ন প্রকল্পে প্যাকেজ প্রথা বাতিল করে বিল্ডিং নির্মাণে আলাদা দরপত্র আহ্বান, নির্বাহী প্রকৌশলীদের আর্থিক ক্ষমতা ৫০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে ভাউচারের মাধ্যমে বিল পরিশোধ, ডিপিএম (ডিরেক্ট প্রকিউরম্যান্ট মেথড) পদ্ধতিতে কাজ দেওয়ার দাবিও জানান তারা।
পরিষদের সভাপতি মুশফিকুর বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ডিজিটাল দুর্নীতি করা হচ্ছে। সরকারি সব কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্মুক্ত লটারি পদ্ধতি চাই।”
দেশে কেবল ৮/১০টি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দরপত্রে সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সদস্য সচিব আব্দুর রাজ্জাক বলেন, “ইজিপি প্রক্রিয়ায় তিন কোটি টাকা পর্যন্ত লটারিতে অংশ নিয়ে কাজ পাবে, যা প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা করেছেন। তিন হাজার কোটি টাকার কাজ যারা করে, তারা কেন তিন কোটি টাকার কাজে অংশ নিচ্ছে, সেটা আমার প্রশ্ন।”
“১১ দফা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এসব সাধারণ ঠিকাদারদের বাঁচা-মরার দাবি,” বলেন তিনি।
