২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির হাতে যাত্রা শুরু স্পোর্টস রেডিও এজ’র

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার হাত ধরে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রথম স্পোর্টস এফএম রেডিও স্টেশন ‘রেডিও এজ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 10:27 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

সোমবার রাজধানীর গুলশানে আম্বার স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিশেষায়িত এ রেডিও স্টেশনটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মাশরাফির সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও অ্যাথলেট মাবিয়া আক্তার সীমান্ত।

মাশরাফি বলেন, “আমরা খেলোয়াড় হিসেবে সবসময় চেয়েছি শুধু ক্রীড়াজগত নিয়ে একটি চ্যানেল হোক। সেই চাওয়া আজ পূরণ হল। রেডিও এজকে বলব, আপনারা শুধু ক্রিকেট বা ফুটবলকে হাইলাইট করবেন না, অন্যান্য যেসব খেলা রয়েছে, সব খেলাকেই হাইলাইট করবেন।”

মামুনুল বলেন, “রেডিও এজের মাধ্যমে খেলোয়াড়রা উৎসাহিত হবে। আশা করি, ধীরে ধীরে আরও অনেক ক্রীড়া চ্যানেল হবে।”

রেডিও এজ’র ব্যবস্থাপনা পরিচালক শাফকাত সামিউর রহমান, পরিচালক আশিক আহমেদ ও মির্জা শিবলীও অনুষ্ঠানে ছিলেন।

সামিউর বলেন, “নিশ্চিতভাবেই রেডিও এজ শুধু ধারাভাষ্যকেন্দ্রিক একটি স্টেশনে পরিণত হবে না। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের খেলার আপডেট, ধারাভাষ্য, ভেতরের খবর, খেলোয়াড়দের ব্যাক্তিজীবন, স্পোর্টস ফ্যাশনসহ ক্রীড়া সম্পৃক্ত সম্ভাব্য সব বিষয়ই হবে রেডিও এজ’র অনুষ্ঠানের উপজীব্য।

“এ স্টেশনটি প্রধান দুই খেলা ক্রিকেট ও ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।”

শিবলী বলেন, “বাংলাদেশে এক সময়ের জনপ্রিয় কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া খেলাগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই নতুন প্রজন্মের সামনে। আমরা দেশের সব স্পোর্টস ফেডারেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”

রেডিও এজ শোনা যাবে এফএম ৯৫.৬ টিউন করে। পাশাপাশি অনলাইনেও রেডিও এজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সব অনুষ্ঠান সম্প্রচার করা হবে।