২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লাখনি দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 02:50 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

আসামিপক্ষের সময় আবেদনে সোমবার শুনানি পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নতুন দিন রাখেন ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম।

মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার অন্যতম আসামি বিএনপি নেতা এম কে আনোয়ার সম্প্রতি মারা গেছেন। আদালতে তার মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন দাখিল হয়নি।

আর মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মামলা হাই কোর্টে এখনও স্থগিত রয়েছে।

এসব কারণে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করে অভিযোগ গঠন পিছিয়ে দেন বলে জানান আইনজীবী তাহেরুল।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা এ মামলার অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ১৬ জনকে আসামি করা হয়েছিল।

কিন্তু অন্যতম দুই আসামি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির মহাসচিব আব্দুল মান্নান মারা যাওয়ায় পর মামলায় আসামি হিসেবে তাদের বিচার স্থগিত হয়ে যায়।

আরেক আসামি পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এ আর ওসমানী ২০১২ সালের ১ অক্টোবর মারা যান; তাকেও মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

এছাড়া যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়। সম্প্রতি মারা গেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। এতে বর্তমানে আসামির সংখ্যা এসে দাঁড়িয়েছে ১০ জনে।

মামলার অপর আসামিরা হলেন, বিএনপি-জামায়াত জোট সরকারে তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, তৎকালীন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার প্রাক্তন পরিচালক মঈনুল আহসান, তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন এবং তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার মামলাটির ধার্যদিনে এ কে এম মাশাররফ হোসেন, মইনুল আহসান, নজরুল ইসলাম আদালতে হাজির ছিলেন। 

আর এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ১০ অগাস্ট একই আদালতে হাজির হয়ে জামিন নেন। এছাড়া আদালতের আদেশে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ পাওয়ায় তার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক।

চীনা প্রতিষ্ঠান কনশোর্সিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয় অভিযোগপত্রে।

খালেদা মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাই কোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়। হাই কোর্টের ওই আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় আটকে যায় বিচার।

দীর্ঘ সাত বছর পর সেই রুলের শুনানি করে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ। ওই রায়ে স্থগিতাদেশ তুলে নেওয়া হলে এ মামলা বিচারের বাধা কাটে।

ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ২০১৬ সালের ২৫ মে প্রকাশিত হলে খালেদা জিয়া ওই বছর ২৬ জুন লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।

তার যুক্তি ছিল, দুর্নীতি দমন কমিশনের আনা অভিযোগের মধ্যে দুদক আইনের ৫ (২) ধারার কোনো উপাদান নেই। যে অভিযোগ আনা হয়েছে সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনগতভাবে এ মামলা চলে না।

কিন্তু তার ওই যুক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে টেকেনি।