২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএ সম্মেলনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার আশা বাংলাদেশের

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে বাংলাদেশে পক্ষ থেকে আলোচনার প্রস্তাব তোলা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 06:54 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ‘৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স মিডিয়া তত্ত্বাবধান কমিটির’ পক্ষ থেকে এ কথা  জানানো হয়।

কমিটির সদস্য আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “সিপিএ সম্মেলনের এজেন্ডা যখন ঠিক করা হয় তখন রোহিঙ্গা সঙ্কটের শুরু হয়নি। এজন্য এখানে এ বিষয়ে কোনো এজেন্ডা ঠিক করা হয়নি।

“তবে ‘হোয়াট ফ্যাক্টর ফুয়েল দ্য রাইজ অব ডিফরেন্ট কাইন্ডস অব ন্যাশনালিজম’ নামে একটি ওয়ার্কশপ হবে। স্বভাবতই এখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হবে। বাংলাদেশের প্রতিনিধি দল বিষয়টি এখানে উত্থাপন করতে পারবে। এই ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আমার বিশ্বাস।”

যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের অবস্থানের বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এই ইস্যুতে আলোচনা করা হবে কিনা সেটা বাংলাদেশের প্রতিনিধি দল নির্ধারণ করবে। তবে এখন পর্যন্ত পাকিস্তান সম্মেলনে যোগ দেবে।”

আগামী ১- ৮ নভেম্বর কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) অনুষ্ঠিত হতে হবে। সংসদের দক্ষিণ প্লাজায় ৫ নভেম্বর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও সিপিসির ভাইস প্যাট্রন শেখ হাসিনা।

সিপিএ’র ৬২তম সম্মেলন গতবছরের সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হলি আর্টিজান হামলার কারণে তা হয়নি।

মত বিনিময় সভায় জানানো হয়, কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ অন্যান্য প্রতিনিধিসহ সাড়ে ৫০০ এর মত প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। যার মধ্যে ৫৬ জন স্পিকার এবং ২৩ জন ডেপুটি স্পিকার থাকবেন বলে আশা করা হচ্ছে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘কনটিনিউনিং টু এনহান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামন্টোরিয়ানস’।

মিডিয়া তত্ত্বাবধান কমিটির সদস্য সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে সম্মেলন উপলক্ষ্যে মেলা করা হবে।

“ওই মেলায় বাংলাদেশের পর্যটনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।এছাড়া অতিথিদের বাংলাদেশের দর্শনীয় স্থান দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

‘পার্লামেন্ট মেম্বারস’ ক্লাবে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, তানভীর ইমাম, সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ। এছাড়া বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের বার্তা সম্পদক, প্রধান প্রতিবেদক ও প্রতিবেদকরা উপস্থিত ছিলেন।