২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭টি উপকূলীয় রেডিও স্টেশন স্থাপনে চুক্তি

ঢাকার আগারগাঁওয়ে অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ সাতটি উপকূলীয় রেডিও স্টেশন স্থাপনে কোরিয়ার এক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 05:20 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে এ চুক্তিতে সই করেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম এবং এলজি-সামহি ( LG-SAMHEE) কনসোর্টিয়ামের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট জিয়ং উনিয়েল ( JEONG WOONYEOL)।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উপকূলে নৌ নিরাপত্তা ব্যবস্থা, নেভিগেশন সহায়তা ও যোগাযোগ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা সম্ভব হবে।

বাংলাদেশের আমদানি বাণিজ্যর ৯৩ শতাংশ নৌ পথে হওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, “এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের নৌ পরিবহন সেক্টরের উন্নতি হবে এবং দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

বর্তমানে তিনটি (কক্সবাজার, সেন্ট মার্টিন, কুতুবদিয়া) লাইট হাইজের মাধ্যমে সরকার প্রতি বছর ১৪ কোটি টাকা রাজস্ব আদায় করছে বলে জানান মন্ত্রী।

“এই প্রকল্প শেষ হলে ৭টি লাইট হাউজের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বহুলাংশে বৃদ্ধি পাবে।”

কক্সবাজার, সেন্ট মার্টিন, কুতুবদিয়ায় অবস্থিত লাইট হাউজের আধুনিকীকরণ এবং নিঝুমদ্বীপ, ঢালচর, দুবলারচর ও কুয়াকাটায় নতুন লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন করা হবে এ প্রকল্পের মাধ্যমে।

কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ৩৭০ কোটি ৮৯ লাখ টাকা। সরকারের ৮৮ কোটি ১৪ লাখ টাকা অর্থায়ন এবং প্রকল্প সাহায্য ২৮২ কোটি ৭৫ লাখ টাকা।

২০১৮ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।