২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াল যুক্তরাজ্য-সুইজারল্যান্ড

মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 11:34 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

এই সংকট মোকাবেলায় যুক্তরাজ্য আরও এক কোটি ২০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে মঙ্গলবার ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে।

নতুন এই অর্থ সহায়তার ঘোষণায় রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের সহায়তার প্রতিশ্রুতি সাড়ে তিন কোটি পাউন্ড থেকে বেড়ে চার কোটি ৭০ লাখ পাউন্ডে উন্নীত হয়েছে। অগাস্টের শেষদিকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামলে সাড়ে তিন কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছিল দেশটি।

এদিকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সুইজারল্যান্ডের মানবিক সহায়তা ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে বলে দেশটির ঢাকা দূতাবাস জানিয়েছে।

তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় গত ২৩ অক্টোবর জেনেভায় মিলিত হয়। এই সংকটের পরিসর বিবেচনা করে সুইজারল্যান্ড তার আর্থিক সহায়তা ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কে উন্নীত করার সিদ্ধান্ত নেয়।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের (এসডিসি) মানবিক সহায়তা বিভাগ ইতোমধ্যে  ইউএনএইচসিআর, আইওএম ও ডব্লিউএফপি এবং বিভিন্ন এনজিও পরিচালিত কর্মকাণ্ডে সুইজারল্যান্ডের অঙ্গীকারের প্রায় অর্ধেক অর্থ দিয়েছে বলে এতে বলা হয়েছে।