২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে দখল জলাশয় পুনরুদ্ধারের সুপারিশ

রাজধানীর জলাবদ্ধতা কমাতে অবৈধভাবে দখল করা জলাশয়গুলো পুনরুদ্ধার করার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2017, 12:01 AM

Updated : 19 Aug 2022, 05:47 PM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রেজাউল করিম হীরা সাংবাদিকদের বলেন, “ঢাকা ও চট্টগ্রামে সরকারি খালগুলোর সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল সংসদীয় কমিটি। বৈঠকে তার অগ্রগতি সম্পর্কে জানানো হয়।”

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, বৈঠকে কমিটির একজন সদস্য বলেন, তুরাগ পারে যে জায়গায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, তার পাশে পানি সঞ্চালনের জায়গা আবর্জনা ফেলে ক্রমে ভরাট করা হচ্ছে। তুরাগ নদীর বিভিন্ন জায়গা বেদখল হয়ে যাচ্ছে।

ওই সদস্য আরও বলেন, রাজধানীর ভেতরেও বিভিন্ন জলাশয়ে আবর্জনা ফেলে ফেলে ক্রমে ভরাট করে তা দখল করার ঘটনা ঘটছে। এতে এক দিকে যেমন জলাশয় দখল হয়ে যাচ্ছে অন্যদিকে বর্ষায় জলাবদ্ধতা বাড়ছে।

বৈঠকে জানানো হয়, রাজধানীর নন্দীপাড়া ত্রিমুখী খালের ২১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আদি বুড়িগঙ্গায় বালি ও মাটি ফেলে দখল করা কিছু খাস জমি উদ্ধার করা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএস পরবর্তী জরিপগুলোতে ভাওয়াল রাজ এস্টেটের যে সমস্ত জমি ব্যক্তির নামে রেকর্ড হয়েছে তার বিস্তারিত বিবরণ প্রস্তুত করার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরী, মো. মকবুল হোসেন, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম ও গাজী ম ম আমজাদ হোসেন অংশ নেন।