২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের উপর হুমকি সৃষ্টি হয়েছে: জয়নুল আবেদীন

প্রধান বিচারপতি এস কে সিনহার ঘটনায় পুরো বিচার বিভাগ ও বিচারকরা হুমকির মুখে পড়েছেন বলে মনে করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 10:47 PM

Updated : 11 Oct 2022, 02:38 PM

এ অবস্থায় বিচার বিভাগকে ‘রক্ষায়’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান বিচারপতিকে নিয়ে ‘মিথ্যাচার’ করে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ‘শপথ ভঙ্গ’ করেছেন দাবি করে তাদের পদত্যাগ চেয়েছেন আইনজীবী সমিতির সম্পাদক বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে থাকা বিচারপতি সিনহা ৩৯ দিনের ছুটি নেওয়ার পর শুক্রবার অস্ট্রেলিয়া গেছেন।

অসুস্থতার কারণে তিনি ছুটি নিয়েছেন বলে সরকারের তরফে বলা হলেও প্রধান বিচারপতি বিদেশে যাওয়ার আগে বলেছেন, তিনি অসুস্থ নন, বিচার বিভাগ যাতে ‘কলুষিত’ না হয় সেজন্য ‘সাময়িকভাবে’ যাচ্ছেন।  

তার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে আসেন সংগঠনটির নেতারা।

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, “আমরা বলেছিলাম মাননীয় প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে চাপ প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, একটি রাষ্ট্রের তিনটি বিভাগ-শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ।

“সংবিধান মোতাবেক বিচার বিভাগ হচ্ছে সংবিধানের অভিভাবক এবং সেই অভিভাবক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ‘অভিমান’ দুঃখ ও লজ্জাজনক। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, অভিমান ভুলে বিচার বিভাগ রক্ষায় এগিয়ে আসুন।”

প্রধান বিচারপতি যাওয়ার আগে সাংবাদিকদের দেওয়া এক লিখিত বিবৃতিতে বলেছেন, রায় নিয়ে সরকারের একটি মহলের ‘ভুল ব্যাখ্যার’ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর ‘অভিমান করেছেন’ বলে মনে করছেন তিনি।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে আইনজীবী সমিতির সভাপতি বলেন, “রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। কাজেই রাষ্ট্রপতির প্রতি আহ্বান, বিচার বিভাগকে বাঁচাতে এগিয়ে আসুন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করুন।”

প্রধান বিচারপতির ‘অসুস্থতার’ কথা বলা হয় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কঠোর সমালোচনা করেন আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আইনমন্ত্রী বার বার ওকালতি করে বলেছিলেন, তিনি অসুস্থ। প্রথমেই বলা হয়েছে, ওই চিঠিটা (অসুস্থতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারতির আবেদন, যেটি আইনমন্ত্রী সংবাদমাধ্যমকে দেখিয়েছিলেন) বোগাস, ওটা ছিল স্বাক্ষরবিহীন।

“এটা প্রধান বিচারপতির চিঠি নয়। এটা ছিল আইন মন্ত্রণালয়ের তৈরি করা চিঠি। যেহেতু আইনমন্ত্রী বার বার চিঠির পক্ষে বক্তব্য দিয়েছেন। ছুটির ওই চিঠি নিয়ে অ্যাটর্নি জেনারেলও বার বার বলেছেন।

“প্রশ্ন এসেছে অ্যাটর্নি জেনারেল ২ তারিখ দুপুর সোয়া ৩টায় কীভাবে জানলেন তিনি (প্রধান বিচারপতি) চিঠি পাঠিয়েছেন? ওই সময়তো চিঠি তার কাছে যাওয়ার কথা না। উনার দেখার কথা না।”

আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল ‘শপথ ভঙ্গ’ করেছেন দাবি করে খোকন বলেন, “আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ করা উচিত। আশা করি, আপনারা আপনা-আপনি চলে যাবেন। দেশের প্রধান বিচারপতির এ বক্তব্যের পরে তাদের সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই।”

সুপ্রিম কোর্ট প্রশাসন নিয়ে প্রধান বিচারপতির বক্তব্য উদ্বৃত করে মাহবুব উদ্দিন খোকন বলেন, “প্রধান বিচারপতি বলে গিয়েছেন, সুপ্রিম কোর্টে সরকার হস্তক্ষেপ করছে। আইনমন্ত্রী বলেছেন, প্রশাসনের রদবদল করছে। প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণিত হয়েছে, এতে মন্ত্রীরা জড়িত। আরও অনেকেই জড়িত।”

এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, “এসব অভিযোগ আবেদন আকারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিকট দাখিল করা হোক, যাতে সাবেক তিনজন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি করে। তারা তদন্ত করবে দায়ী মন্ত্রী হোক বা অ্যাটর্নি জেনারেল হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

“কারণ দেশের প্রধান বিচারপতি যদি অভিযোগ করে সেই অভিযোগের যদি সুরাহা না হয়, তদন্ত না হয় এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেশে সংবিধান থাকবে না। সংবিধানের ‍উপর আস্থা থাকবে না। বিচার বিভাগের উপর মানুষের আস্থা থাকবে না। তাতে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ছাড়াও তাদের সমর্থক আইনজীবীরা ছিলেন। 

আইনজীবী সমিতির এ সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই সমিতির সহ-সভাপতি অজিউল্লাহর নেতৃত্বে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করতে আসেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।

এ সময় মিলনায়তনে হট্টগোল শুরু হয়। পাল্টাপাল্টি স্লোগান আর বাকবিতণ্ডার মধ্যে আওয়ামী লীগপন্থিরা মিলনায়তন থেকে বের হয়ে আসেন।

পরে এনেক্স ভবনের দ্বিতীয়তলায় সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলেন আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. অজিউল্লাহ।

তিনি বলেন, “কিছুক্ষণ আগে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক যে সংবাদ সম্মেলন করেছেন, তা ছিল তাদের ব্যক্তিগত। এটা ছিল তাদের নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে। আমরা সম্পূর্ণভাবে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।”

তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বারে আমরা ছয়জন নির্বাচিত কর্মকর্তা আছি। আমাদের পরিষ্কার বক্তব্য হল- প্রধান বিচারপতি নিজে ছুটি নিয়ে স্বেচ্ছায় বিদেশ গেছেন। তার ছুটি নিয়ে কোনো বিতর্ক নেই। তিনি বলেছেন, ছুটি শেষে তিনি আবার ফিরে আসবেন।”