২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিয়ে ঢাবির হলে ঢোকা ‘ইয়াবা ব্যবসায়ীকে’ ধরিয়ে দিলেন ছাত্রলীগ নেত্রী

পুলিশের হাত থেকে পালিয়ে আসা একজন ‘ইয়াবা ব্যবসায়ী’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হলে ঢোকার পর তাকে ধরে দিয়েছেন হল শাখা ছাত্রলীগের সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 02:51 AM

Updated : 12 Apr 2022, 12:31 AM

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হলে এ ঘটনা ঘটে। আটক ‘ইয়াবা ব্যবসায়ী’ মো. মাসুদ নিউ মার্কেটের একটি দোকানের কর্মচারী বলে লালবাগ থানার উপ-পরিদর্শক তপন দেবনাথ জানান।

ছাত্রলীগের হল শাখার সভাপতি ফরিদা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হল থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি দৌড়ে হলে ঢুকে তার গায়ে ধাক্কা দেন।

“সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করি, আপনি হলের কি না।ওই ব্যক্তি বলেন, হলের ক্যান্টিনে কাজ করি। পরে হলের দারোয়ানদের জিজ্ঞাসা করলে তারা বলে, তাকে চেনে না। তখন দারোয়ানদের বলি, তাকে আটক করে রাখতে।

“হল থেকে বের হওয়ার পর গেইটের সামনে দেখি, দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। তারা বলেন, ওই ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী। পরে তাকে পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করি।”

উপ-পরিদর্শক তপন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে বিডিআর ৩ নম্বর গেইটের কাছে ইয়াবা বিক্রির সময় ১৫টি ইয়াবাসহ মাসুদকে আটক করেন তারা।

“কিন্তু থানায় নিয়ে আসার সময় মাসুদ পালিয়ে কুয়েত-মৈত্রী হলে প্রবেশ করে। পরে হলের গেইটে দাঁড়িয়েছিলাম। হলের ছাত্রীরা তাকে ধরিয়ে দেয়।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, এখনও এ বিষয়ে কিছু জানেন না তিনি।

“খোঁজ নিয়ে জানতে হবে।”