রোহিঙ্গা নিপীড়ন খতিয়ে দেখতে নাগরিক তদন্ত কমিশন
মিয়ানমারে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক বিবেক জাগ্রত করা এবং জাতিসংঘকে কার্যকর ভূমিকা গ্রহণে চাপ’ সৃষ্টির লক্ষ্য নিয়ে বাংলাদেশে নাগরিক তদন্ত কমিশন গঠিত হয়েছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি নিয়ে ৩৫ সদস্যের এ কমিশনের ঘোষণা দেওয়া হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশনের’ চেয়ারম্যান এবং আরেক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী কেন ব্যর্থ হয়েছে সেটি খতিয়ে দেখবেন তারা।
“জাতিসংঘের মহাসচিব ও রিফিউজি কমিশনার বার্মার ঘটনাকে নারকীয় গণহত্যা বলে উল্লেখ করেছেন, তা থামানোর দাবি জানিয়েছেন, দাবি করেছেন বার্মা থেকে বিতাড়িত লোকদের নেওয়ার, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেবার- তা স্বত্ত্বেও এগুলো কার্যকর করার মতো কোনো পদক্ষেপ বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত নিতে পারেনি। কেন পারেনি আমরা তা পর্যালোচনা করব।”
বাংলাদেশের সরকার ও জনগণ বিপন্নদের পাশে দাঁড়ালেও রোহিঙ্গাদের দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে একটি চিহ্নিত মহল ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে’ বলেও মন্তব্য করেন তিনি।
তদন্ত কমিশন আগামী সপ্তাহে প্রথম বৈঠক করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করার মাধ্যমে আগামী এক মাসের ভেতর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবে বলে জানান বিচারপতি মানিক।
কমিশন সদস্যরা তদন্তের জন্য মিয়ানমারে যাবে কি না এমন প্রশ্নে নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “সরকার যদি অনুমতি দেয় এবং মিয়ানমার যদি ভিসা দেয় আমরা অবশ্যই যাব। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের এ বিষয়ে আলাপও হয়েছে।”
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতে আগামী এক মাসের মধ্যে একটি আন্তর্জাতিক কমিশন গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে লিখিত বক্তব্যে জানান তিনি।
“বিভিন্ন দেশের বিশিষ্ট আইনজ্ঞ, আইনপ্রণেতা, বুদ্ধিজীবী ও মানবাধিকার নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিশন গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বার্মার সরকার, বিশেষভাবে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
কমিশনের অন্যদের মধ্যে বিচারপতি গোলাম রাব্বানী, ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, সঙ্ঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক অনুপম সেন, সাংবাদিক কামাল লোহানী, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, মানবাধিকারকর্মী অ্যারোমা দত্ত রয়েছেন।
কমিশনকে সহযোগিতার জন্য সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে একটি সচিবালয়ও গঠন করা হয়েছে, যেটার কার্যালয় হবে মহাখালীতে নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে।
