ঢাবিতে ‘মন খুলে’ কথা বলে হাস্যরসে অর্থমন্ত্রী
নিজের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ‘মন খুলে’ কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি হাতড়ে নিজের বয়স নিয়ে হাস্যরসের সৃষ্টি করলেন অশীতিপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার চেয়ে বয়োজ্যেষ্ঠ একজনকে পান প্রধান অতিথি মুহিত, তিনি ইমেরেটাস অধ্যাপক সুলতানা সারওয়াতারা জামান।
৮৪ বছর বয়সী মুহিত তাকে দেখিয়ে বলেন, “প্রতিবার আমি আসলে যেভাবে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসাবে স্বীকৃতি পাই, এবার সেই রকম হয়নি। এখানে ড. সারওয়াতারা আছেন, আমার চেয়ে দুই বছরের বড়।”
এ সময় অর্থমন্ত্রীর হাসির সঙ্গে দর্শকসারিতে হাস্যরসের সৃষ্টি হয়। এরপর বিশ্ববিদ্যালয়ে থাকাকালে জেল খাটার কথা তুলেও হাস্যরসের সৃষ্টি করেন ইংরেজি বিভাগের সাবেক ছাত্র মুহিত।
“৪২ দিনের জন্য যেটা সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমার কর্মকাণ্ড। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, ৪২ দিনের কাহিনীটা আমি সুযোগ পেলে স্বর্ণাক্ষরে লিখে রাখব।”
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বক্তব্য দেন।
