২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট: কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন সাবেক কূটনীতিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 05:36 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

মিয়ানমারের পাশে রাশিয়া ও চীনের অবস্থান বাণিজ্যিক স্বার্থের কারণে উল্লেখ করে রোববার এক গোলটেবিল বৈঠকে তারা এই পরামর্শ দেন।

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠি-মানবিক দায়বদ্ধতা ও রূঢ় বাস্তবতা‘ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দমন-পীড়নের শিকার হয়ে ৫ লাখ রোহিঙ্গা গত এক মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করে আসছে বাংলাদেশ।

এই রোহিঙ্গাদের নাগরিক হিসেবে মানতে মিয়ানমার নারাজ হলেও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে দেশটির নেত্রী অং সান সু চি যাচাই সাপেক্ষে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৈঠকে সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি ম হামিদ বলেন, “যুদ্ধের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। এতে মিয়ানমারের সেনাবাহিনীই লাভবান হবে। কারণ সেনাবাহিনী সেখানে তাদের শাসন টিকে রাখতে চায়। তারা গণতন্ত্র চায় না।”

সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম বলেন, “বাংলাদেশেকে কৌশল অবলম্বন করে রোহিঙ্গা সঙ্কটের সমাধান করতে হবে। আমাদের পররাষ্ট্র নীতিকে আরও জোরদার ও বেগবান করতে হবে।”

রোহিঙ্গাদের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর মাধ্যমে মিয়ানমারে পুনর্বাসন করার দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত এই কূটনৈতিক।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর সু চির দপ্তরের মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ের ঢাকা সফরের পদক্ষেপকে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার অগ্রগতি হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন।

গোলটেবিলে তিনি বলেন, “অং সান সু চির পক্ষ থেকে আজকে যে মন্ত্রী আসছেন, সেটাকে এক মাসের ভেতরে কূটনৈতিক উন্নতি হিসেবে আমলে নিতে হবে।”

কূটনৈতিক সাফল্যের জন্য সময় লাগার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এটাকে সপ্তাহ বা মাস হিসেবে হিসেব করলে হবে না। কূটনৈতিক তৎপরতাকে বৎসরে বিবেচনা করতে হবে।”

সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেন, “রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমারের সমস্যা নয়, এটি এখন সারা বিশ্বের। রাজনৈতিক দূরদর্শিতা ও কূটনৈতিক তৎপরতা মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আশা করি।”

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ রোহিঙ্গা পীড়নের সমালোচনা করলেও চীন ও রাশিয়া বিষয়টি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখছে, যা ইয়াঙ্গুনের প্রতি তাদের সমর্থনের প্রকাশ।

মিয়ানমারের প্রতি চীন ও রাশিয়ার এই সমর্থনে ভূ-রাজনৈতিক কারণের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও প্রভাব ফেলছে বলে মনে করেন কূটনীতিকরা।

সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় চীন, রাশিয়া ও জাপান আমাদের সঙ্গে একমত পোষণ করছে না। এর কারণ প্রতিটি দেশ নিজের স্বার্থ দেখে কূটনৈতিক অবস্থান নেয়। সেই অনুসারে তারা বাংলাদেশের প্রস্তাবের পক্ষে সমর্থন দিচ্ছে না। এটা হচ্ছে ভূ-রাজনৈতিক বাস্তবতা।

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বলেন, “রোহিঙ্গা বিষয়ে চীনের সমর্থন না থাকলেও তারা মানবতার বিরুদ্ধে দাঁড়ায়নি। তবে তারা সমস্যা সমাধানে দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে চেষ্টা করছে। তাই আমাদের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে।”

সাবেক রাষ্ট্রদূত কামালউদ্দিন হোসেন বলেন, “চীন প্রসঙ্গে বার বার একটা প্রশ্ন আসছে, সেটা হল ৭১ এ চীনের ভূমিকা এবং ১৭ এ চীনের ভূমিকা।

“আজকের প্রেক্ষাপট হচ্ছে শুধু বাণিজ্য। যে তিনটি দেশের নাম আসছে তারা ব্যবসা-বিনিয়োগ নিয়ে চিন্তা ভাবনা করছে বলে এমন মনোভাব দেখিয়ে যাচ্ছে। এখন আমাদের দরকার কূটনৈতিক তৎপরতা আরও বেগবান করা।”

অধ্যাপক দেলোয়ার বলেন, “ভূ-রাজনীতির ভেতরে নতুন নতুন যেসব ইস্যু আসছে এবং ভারতের যে পলিসি, প্রকল্প এবং চীনের বিভিন্ন প্রকল্প, এসব বিলিয়ন বিলিয়ন ডলারের প্রকল্প।

“এসব প্রকল্পের সেক্টর হচ্ছে মিয়ানমার। এগুলো কূটনৈতিক ও পররাষ্ট্র নীতির জায়গা থেকে বিবেচনা করলে, তাদের অবস্থান অস্বীকার করা যায় না।”

রাশিয়া ও চীন মিয়ানমারের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দিচ্ছে উল্লেখ করে অধ্যাপক দেলোয়ার বলেন, “বাংলাদেশকেও সেই দ্বিপক্ষীয় জায়গা থেকে হাইলাইট করতে হবে।”

এই গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক হারুন হাবীব। নুরুল আলমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।