প্রবীণদের উন্নয়নমূলক কর্মসূচিতে সম্পৃক্ত করার পরামর্শ
সদ্য অবসরে যাওয়া প্রবীণদের ‘মানবসম্পদ’ বিবেচনা করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন প্রবীণ ও জরাবিজ্ঞান বিশেষজ্ঞরা।
সোমবার সকালে সমাজসেবা অধিদপ্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবীণদের স্বাস্থ্যসেবা, অবসরকালীন পেনশন ভাতা দেওয়ার পাশাপাশি বার্ধক্যবীমা চালুর প্রস্তাবনাও উঠে আসে।
১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস, জাতিসংঘের আহ্বানে ১৯৯১ সাল থেকে বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর ‘আগামীর পথে প্রবীণের সাথে’ প্রতিপাদ্যে দিবসটি পালন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানসহ প্রবীণদের সহযোগিতায় নিয়োজিত সংগঠনগুলোর অংশগ্রহণে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি র্যালি বের করে মন্ত্রণালয়।
পরে আলোচনা সভা, প্রবীণ হিতৈষী পুরুষ ও মমতাময়ী নারী সম্মাননা প্রদানের আয়োজন করে তারা। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব অধ্যাপক খন্দকার আতিয়ার রহমান।
বাংলাদেশে এখন ১ কোটি ৪০ লাখ প্রবীণ বাস করেন এমন তথ্য জানিয়ে খন্দকার আতিয়ার রহমান বলেন, “২০২৫ সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে ২ কোটিরও বেশি, পরে সংখ্যা আরও বাড়বে। উদ্বেগজনক হল, প্রবীণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় চিন্তাভাবনা, প্রস্তুতি বা কোনো বন্দোবস্ত এখনও সেভাবে দৃশ্যমান নয়।”
প্রবন্ধে তিনি প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদী ও যাতনা প্রশমন সেবা প্রণয়নের দাবি জানান। পরে প্রবীণদের আর্থিক সমস্যা নিরসনে বার্ধক্যবীমা বা সার্বজনীন নাগরিক পেনশন ব্যবস্থা প্রচলনের পরামর্শও দেন তিনি।
পরে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইন পাশের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বানও জানান অধ্যাপক আতিয়ার।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, “ভবিষ্যৎ অগ্রযাত্রায় প্রবীণ জনদের অভিজ্ঞতা, দক্ষতা, নৈপুণ্য এবং অবদানের প্রতি গুরুত্ব দিয়ে সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের জড়িত করা খুবই প্রয়োজন।”
পরে দ্রুত প্রবীণ নীতিমালা বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তার মন্ত্রণালয় আরও অনেক কাজ করবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬টি বিভাগে প্রবীণ নিবাস পরিচালনা করছে।
চলতি অর্থ বছরে সরকার ৫০০ টাকা হারে ৩৫ লাখ জনগোষ্ঠীকে সর্বমোট ২১০০ কোটি টাকা প্রদান করবে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির।
পরে অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সম্মাননা জানানো হয় এ এস এম জাহীদ, জোছনা বেগম, জয়া শিকদারকে। এ বছর প্রাতিষ্ঠানিকভাবে এই পুরস্কারটি পেয়েছে স্যার উলিয়াম বেভারেজ ফাউন্ডেশন।
