২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৩ নম্বর সংকেত বহাল

উপকলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 08:17 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

সেই সঙ্গে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার শুক্রবারের বুলেটিনে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। ফলে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্য আশ্বিনেও মৌসুমী বায়ুর প্রভাব থাকায় শুক্রবার রাজধানীসহ দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুরে দেশের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল বলেন, শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।  দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

পুরনো খবর:

ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা