২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কটে চীনের দ্বিচারিতা সমর্থনযোগ্য নয়: কাদের

একদিকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশে সাহায্য পাঠানো আর অন্যদিকে সঙ্কট সমাধানে বসা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারকে সমর্থন- চীনের এমন আচরণকে ‘দ্বিচারিতা’ বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 02:18 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

এ ধরনের ‘দ্বিচারী আচরণ কোনোভাবেই সমর্থন যোগ্য নয়’ মন্তব্য করে দেশটি এমন আচরণ থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

শারদীয় দুর্গোৎসবে শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন কালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মুক্ত আলোচনা সম্পর্কে আমরা জানতে পারছি যে, চীন ও রাশিয়া রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে।

“এর মধ্যে চীন মানবিক সাহায্যও পাঠাচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে, একদিকে মানবিক সাহায্য- অন্যদিকে রোহিঙ্গা নির্যাতনকেও সমর্থন করা... দ্বিচারিতা। আমি আশা করব, বৃহৎ শক্তি এই দ্বিচারিতা থেকে সরে আসবেন।”

মন্ত্রী বলেন, “মানবিক সাহায্য যারা করতে চান, করবেন। কিন্তু নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বর্বর গণহত্যাকে সমর্থন করা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। আমি আশা করি এটাই তাদের শেষ পদক্ষেপ নয়।

“চীন ও রাশিয়া এ মানবিক সঙ্কটে, মর্মান্তিক পরিস্থিতিতে, মানবতার, সত্য-ন্যায় ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে আমি আশা করি। দ্বিচারিতা আমরা আশা করি না। একদিকে সাহায্য, অন্যদিকে অত্যাচারী ঘাতকদের সমর্থন এবং নিপীড়িতদের মানবিক সাহায্য দ্বিচারিতা। তা সমর্থন যোগ্য নয়।”

দেশ দুটিকে ‘বৃহৎ শক্তির’ পাশাপাশি বাংলাদেশের ‌‘বন্ধু দেশ’ বলেও অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, এ মানবিক সঙ্কটে তারা যথাযথ ভূমিকা পালন করবে।

এই মানবিক সঙ্কটে সাহায্যের অভাব নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারাও আমাদের সাত হাজার টন ত্রাণ সাহায্য দিচ্ছে, যার প্রথম চালান আমি নিজেই গ্রহণ করেছি। সাহায্য আমরা পাচ্ছি, আমাদের দেশের ভেতর থেকেও এত সাহায্য আসছে যে, এখনও আমাদের সরকারি ত্রাণ ব্যবহারের প্রয়োজন হয়নি।”

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে মন্তব্য করে কাদের বলেন, “আজকে সীমাহীন দুঃখ দুর্দশা অত্যাচার নির্যাতন নেমে আসছে আমাদের প্রতিবেশি মিয়ানমারের রাখাইন জনগোষ্ঠীর রোহিঙ্গাদের উপর।

“আজকে তাদের উপর অমানুষিক টর্চার, রেইপ নেমে এসেছে। বর্মী সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন কত বর্বর, কত পাশবিক... নৌকায় সাগর পাড়ি দেওয়া থেকে ভয়ঙ্কর। মিয়ানমার সেনাবাহিনীর এই অত্যাচার, নিপীড়ন মানব সভ্যতার ইতিহাসে, এই নিষ্ঠুরতা আদিম সাম্যবাদী সমাজ, মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে।”

অসম্প্রদায়িক মানবতাবাদী শক্তির নব উত্থানের আশা প্রকাশ করে সেতু মন্ত্রী বলেন, “আজকে দেবী দুর্গার যে চেতনা আসুরিক শক্তির বিরুদ্ধে, সেই আসুরিক শক্তির বিরুদ্ধে অসম্প্রদায়িক মানবতাবাদী শক্তির নব উত্থান ঘটুক, এই দেবী দুর্গা উৎসবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।

“আজকে দেশি বিদেশি আসুরিক শক্তির দাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বারে বারে আঘাতের সম্মুখীন হচ্ছে। এতে আজকে মাইনরিটিরাই বেশি সাফার করছে।”

প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে দলটির সাধারণ সম্পাদক কাদের বলেন, “আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদের প্রিয় মানুষ, যার সাথে এখানে এক সাথে আসতাম, একসাথে অনুষ্ঠানে বক্তব্য রাখতাম, সেই শ্রদ্ধা ভাজন সুরঞ্জিত সেনগুপ্তকে।”

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনগুপ্প, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিএল চ্যাটার্জীসহ অন্যরা উপস্থিত ছিলেন।