উল্টোপথ: ঢাবি শিক্ষার্থীদের বাস আটকাল পুলিশ
উল্টোপথে চলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস আটকে জরিমানা করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর হেয়ার রোডে ট্রাফিক পুলিশের এই অভিযানে গ্যাস সরবরাহকারী সরকারি কোম্পানি তিতাস গ্যাসের একজন উপ-মহাব্যবস্থাপকও ধরা পড়েছেন।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন এদিন অভিযানে নেতৃত্ব দেন।
তিনি সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে প্রচুর বৃষ্টি হওয়ায় তাদের অভিযান ব্যাহত হয়েছে।
এরমধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন উপ-মহাব্যবস্থাপকের গাড়ি আটকে জরিমানা করা হয়েছে।
এর বাইরে বেশ কয়েকটি মটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশা উল্টোপথে আসায় জরিমানা করা হয়। উল্টোপথে মটরসাইকেল নিয়ে জরিমানা গুণতে হয়েছে পুলিশের একজন কনস্টেবলকেও।
বিজয় সরণি এলাকায় বৃহস্পতিবার কোনো অভিযান হয়নি। সেখানে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক সোহেল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির কারণে অভিযান হয়নি। রাস্তায় পানি জমে যাওয়ার কারণে যানজট হওয়ায় তা সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে।”
গুলশান এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার জুনাইদ আলম সরকারও বলছেন, বৃষ্টির কারণে উল্টোপথে আসা গাড়ি ধরতে অভিযান চালাতে পারেননি।
তবে বুধবার এক ব্যবসায়ীর ‘প্রটোকলের’ গাড়ি আটক করে জরিমানা করেছিলেন তারা।
“সম্পূর্ণ অবৈধভাবে মন্ত্রীর প্রটোকলের মতো সামনে-পেছনে গাড়ি নিয়ে ওই ব্যবসায়ীকে রাস্তায় চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছিল,” বলেন জুনাইদ।
