২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে স্পিকারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 05:56 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

বৃহস্পতিবার বিকালে স্পিকার বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় স্পিকার আগামী ১-৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

প্রেস সচিব জানান, স্পিকার সম্মেলনের বিভিন্ন দিক তিুলে ধরেন এবং জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া সংসদ লাইব্রেরিসহ সংসদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরে আশা প্রকাশ করেন, সিপিএ সম্মেলনও সাফল্যের সাথে অনুষ্ঠিত হবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।”

নভেম্বরে অনুষ্ঠেয় সিপিএ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৫ নভেম্বর। কমনওয়েলথভুক্ত দেশগুলোর পার্লামেন্টারি এই জোটের চেয়ারপারসন শিরীন শারমিন।

কমনওয়েলথভূক্ত ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ অন্যান্য প্রতিনিধিসহ ছয় শতাধিক প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে এই সম্মেলনে।

সিপিএর ৬২তম সম্মেলন ঢাকায় গতবছরের সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার কারণে তা অনুষ্ঠিত হয়নি।