২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়নের চেয়ে বাস্তবায়ন গুরুত্বপূর্ণ: খসরু

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষার জন্য আইন প্রণয়নের চেয়ে তা বাস্তবায়নে সচেষ্ট হওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 01:18 AM

Updated : 19 Aug 2022, 05:39 PM

বুধবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩: বাস্তবায়ন অবস্থান ও ভবিষ্যৎ করণীয়’ শিরোনামে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।

এতে মতিন খসরু বলেন, “আইন বাস্তবায়নে ও মানসিকতা পরিবর্তনে প্রয়োজন সর্বস্তরে ব্যাপক সচেতনতা গড়ে তোলা, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের সাথে অ্যাডভোকেসি করা, মিডিয়ার আরও সচেতন হওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করা।”

সভায় মূল প্রবন্ধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর মো. জাহিদুল কবির বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের অবস্থান জানতে অ্যাকসেস বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন সম্প্রতি ৪৫টি উপজেলা ও ১১টি জেলায় জরিপ পরিচালনা করে। এতে জানা যায়, ৪৫টি উপজেলার মধ্যে মাত্র ১১টিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে তিনটিতে গত এক বছরে কোনো সভা হয়নি। বাকীগুলোতে গড়ে দুটি করে সভা হয়েছে, যদিও বছরে কমপক্ষে ছয়টি সভা হওয়ার কথা।

আর ১১টি জেলার মধ্যে নয়টিতে কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে দুটিতে নিয়মিত সভা হয়, বাকীগুলোতে কমিটি গঠিত হওয়ার পর আর কোনো সভা হয়নি।

এছাড়া ২০১৬ সালে জাতীয় পর্যায়ে সমন্বয় ও জাতীয় কমিটি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সভা হয়নি। কমিটিগুলোর কাজের উপর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের কথা থাকলেও বাস্তবে তা হয়নি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝা হিসেবে না দেখে সম্পদে পরিণত করতে হবে, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরও উদ্যোগ গ্রহণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় বাড়াতে হবে।”

দ্রুততার সাথে প্রতিবন্ধী ব্যক্তি বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।