২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির প্রতি আসনের বিপরীতে প্রার্থী ৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, এতে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 12:34 AM

Updated : 19 Aug 2022, 05:27 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম বন্ধ করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

যারা এরইমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা বুধবার পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ৩০ অগাস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ‘গ’ ও ‘চ’ ইউনিটের এবং ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ‘ক’, ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরেফিন সিদ্দিক বলেন, এবার মোট ৭ হাজার ১২৩ আসনের বিপরীতে ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন শিক্ষার্থী আবেদন করেছে, যাতে এক আসনের বিপরীতে প্রায় ৩৯ জনের আবেদন হয়েছে।

এবার ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৬৫ আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩ জন; ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে ৩৩ হাজার ১৬৪ জন; ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪ জন; ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬১০ আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮২ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০ হাজার ১৭২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

প্রতি আসনের বিপরীতে ‘ক’ ইউনিটে ৫২ জন; ‘খ’ ইউনিটে ১৫; ‘গ’ ইউনিটে ২৪ জন; ‘ঘ’ ইউনিটে ৬৫ জন এবং ‘চ’ ইউনিটে ১৫০ জন ভর্তিচ্ছু আবেদন করেছে।

ভর্তি আবেদন শুরুর দিন প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের আসন ২৮৩টি বাড়ানোর কথা বলা হলেও সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের আরও ৪০টি আসন বৃদ্ধি পেয়েছে, যাতে এবার আসন সংখ্যা ৭ হাজার ১২৩টি হয়েছে বলে জানান উপাচার্য। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৬ হাজার ৮০০টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হয়।

বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

ভর্তির বিস্তারিত তথ্য http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।