২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ ব্যাংকার শামীম ফিরেছেন বাড়ি

রাজধানীর পল্টন থেকে নিখোঁজ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদ অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন; তবে অন্তর্ধানের বিষয়ে কিছু বলতে চাননি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 04:26 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

গত ২৩ অগাস্ট দুপুরে পুরানা পল্টনের ‘খানা বাসমতি’ রেস্তোরাঁর সামনে থেকে শামীমকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে তার স্ত্রী শিল্পী আহমেদ থানায় জিডি করেছিলেন। তখন থেকে তার মোবাইল নম্বরটিও ছিল বন্ধ।

শিল্পী সোমবার রাতে থানায় ফোন করে তার স্বামীর ফিরে আসার কথা জানিয়েছেন বলে পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতরাতে তার স্ত্রী থানায় ফোন করে জানান যে তার স্বামীকে পাওয়া গেছে।”

শামীম কোথায় ছিলেন- জানতে চাইলে ওসি বলেন, “এই পাঁচদিন কোথায় ছিল বা কোথায় থেকে তাকে উদ্ধার করা হয়, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি পরিবার।”

শিল্পী আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশনস ও ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকেন। তবে এখন তিনি ঢাকায় এক আত্মীয়ের বাসা রয়েছেন।