পুরান ঢাকায় রেস্তোরাঁকর্মী খুন
পুরান ঢাকার নবাবপুর সড়কে একটি রেস্তোরাঁ থেকে এক কর্মীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আল আরাফাত নামের রেস্তোরাঁটির ওই কর্মীকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাতের পর গলা কাটা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত আনোয়ার হোসেন (৩০) ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক ছিলেন।
একই ভবনের দোতলায় নিজের কক্ষ থেকে শনিবার সকালে আনোয়ারের লাশ পাওয়া যায় বলে বংশাল থানার ওসি সাহিদুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হোটেলের কর্মচারীরা আনোয়ারের কক্ষে গিয়ে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, “মনে হচ্ছে, রাতের কোনো এক সময় মাথায় মসলা বাটার পাথর দিয়ে আঘাত করার পর তাকে জবাই করা হয়।”
কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত না হলেও রেস্তোরাঁটির এক কর্মীকে সন্দেহ করছে পুলিশ।
ওসি বলেন, “ঘটনার পর থেকে হোটেলের এক কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করছি, ওই কর্মচারী তাকে হত্যা করে পালিয়ে গেছে।”
সন্দেহভাজন ওই কর্মীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে সাহিদুর জানান।
