কথিত অনুসারীরা বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত: অধ্যাপক হারুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সব ক্ষেত্রে ‘চরম ত্যাগের’ জন্য প্রস্তুত থাকলেও বর্তমানে তার অনেক কথিত অনুসারী সেটা থেকে বিচ্যুত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হারুন-অর-রশিদ।
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎবার্ষিকীতে মঙ্গলবার বাংলা একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন: সমসাময়িক ও আজকের প্রাসঙ্গিকতা’ শীর্ষক একক বক্তৃতায় আওয়ামী লীগপন্থি এই শিক্ষক বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আজ নীতি ও আদর্শের বড়ই সংকট। ‘কী দিলাম তা নয়’, ‘কী পেলাম’ সেটিই অনেকের কাছে মুখ্য বিবেচ্য। বঙ্গবন্ধুর কথিত অনুসারীদের অনেকেও এ থেকে মুক্ত নয়।
“রাজনীতি মানে যে ত্যাগ ও দেশ-জাতি-জনগণের কল্যাণে আত্মোৎসর্গ করা- জাতির জনকের এই জীবন-আদর্শ ও শিক্ষা গ্রহণ আজ আমাদের জন্য বড়ই প্রয়োজন।”
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা ওই বক্তৃতায় পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে ২৪ বছরের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর নানা ভূমিকা তুলে ধরেন অধ্যাপক হারুন।
বঙ্গবন্ধু পাকিস্তান নামে পৃথক রাষ্ট্রের জন্য নয়, বরং বাঙালি জাতিসত্ত্বা গড়ে তোলার কাজে ‘পাকিস্তান আন্দোলনে’ সক্রিয় হয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “বস্তুত পাকিস্তান আন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু ও তার মতো অন্যরা বাঙালির জাতীয় মুক্তির স্বপ্ন দেখেন।এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, শুরুতে পাকিস্তান কোনো একক রাষ্ট্রের রূপ ছিল না। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, যা পাকিস্তান প্রস্তাব নামে সর্বাধিক পরিচিত, তাতে কোথাও ‘পাকিস্তান’ শব্দটি অন্তর্ভুক্ত নেই। পাকিস্তান ছিল কার্যত একটি আন্দোলনের নাম।”
বক্তৃতায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও এর প্রাসঙ্গিকতাকে ১১টি দফায় দেখাতে চেয়েছেন ১৯৯২ সালে এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ‘বাংলাদেশের ইতিহাস’ গ্রন্থাবলির সহকারী সম্পাদক হারুন-অর-রশিদ।
এক্ষেত্রে বঙ্গবন্ধুর বাঙালি সত্ত্বা, অসাম্প্রদায়িকতার আদর্শ, গণতন্ত্রে আস্থা, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস, সংবিধান মনস্কতা, ‘নীতি আদর্শ ও ত্যাগের রাজনীতি’, সমাজতান্ত্রিক অর্থনীতি, ‘নারীর মর্যাদা, অধিকার ও ক্ষমতায়ন’, সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং বিশ্ব শান্তি নিয়ে কাজ করার নানা বিষয় তুলে ধরেন তিনি।
এ প্রসঙ্গে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বঙ্গবন্ধুর যে রাজনৈতিক জীবন, তাতে উত্থান-পতন আমরা দেখেছি। প্রথম থেকেই আত্মত্যাগের মনোভাব তার মধ্যে প্রবল ছিল। পাকিস্তানের অস্তিত্বের অর্ধেক সময় তিনি কারাগারে কাটালেন। মন্ত্রিত্ব পেয়েও মন্ত্রিত্ব ছাড়লেন, সংগঠন করবেন বলে। কাজে বোঝা যায়, ব্যক্তিগতভাবে তিনি কিছু চাননি, দেশের মানুষের জন্য চেয়েছিলেন।”
চতুর্থ সংশোধনীকে ‘পরীক্ষা হিসাবে দেখেন বঙ্গবন্ধু’
বঙ্গবন্ধুর নিজের হাতে ‘অগাধ’ ক্ষমতা লাভের জন্য নয়, বরং গণমানুষের ‘অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সার্বিক মুক্তি অর্জনের সোপান স্বরূপ’ সংবিধানের চতুর্থ সংশোধনী আনা হয়েছিল বলে মন্তব্য করেছেন অধ্যাপক হারুন-অর-রশিদ।
তিনি বলেন, স্বাধীনতার পর বাম নামধারী চীনপন্থি চরম উগ্র কিছু গোপন সংগঠনের রাজনৈতিক হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতি ঠেকানোর ‘আশু ব্যবস্থা’ হিসাবে বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি’ আসে। তবে এর পেছনে বঙ্গবন্ধুর অনেক আগের চিন্তা-ভাবনা কাজ করেছিল।
“বঙ্গবন্ধু তার দ্বিতীয় বিপ্লবকে একটি পরীক্ষা হিসাবে দেখেন।”
সেই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, “এটা একটা এক্সপেরিমেন্ট। এখন দেখা দরকার, এর ওপর নির্ভর করে বাংলাদেশের জনগণের কতটা মঙ্গল করতে পারব। এবং যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করেছি, এর মাধ্যমে তার বাস্তবায়নে কতটা কৃতকার্য হব।”
‘এই সিস্টেম ইনট্রোডিউস করে যদি দেখা যায় যে, খারাপ হচ্ছে, অলরাইট, রেকটিফাই ইট’- এমন বক্তব্যও ওই ভাষণে ছিল বলে উল্লেখ করেন অধ্যাপক হারুন।
বক্তৃতায় বাকশাল সরকার গঠনের প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি।
সপরিবারে হত্যার প্রায় আট মাস আগে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে নতুন এক রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনে উদ্যোগী হন বঙ্গবন্ধু, যেটাকে ‘দ্বিতীয় বিপ্লব’ হিসাবে আখ্যায়িত করেন তিনি নিজে।
সংসদীয় পদ্ধতির স্থলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন করে নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধু।
এরপর ৬ জুন মুক্তিযুদ্ধের পক্ষের সব দল, সরকারি-বেসরকারি প্রশাসনের সদস্য, সামরিক ও অন্যান্য বাহিনীর কর্মকর্তা নির্বিশেষে সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি জাতীয় দল গঠন করা হয়।
২১ জুন সব মহকুমাকে জেলায় উন্নীত করে পূর্বের ১৯টি জেলার স্থলে ৬১টি জেলা সৃষ্টি করে ১৬ জুলাই প্রতিটি জেলায় গভর্নর নিয়োগ দেন বঙ্গবন্ধু।
ওই সময়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কার, দুর্নীতি বন্ধ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভিত্তিক কর্মসূচি ঘোষণার মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে হত্যা করা হয় রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে।
বাকশাল সরকার গঠনের মাধ্যমে একক হাতে ক্ষমতা নিয়েছিলেন বলে বঙ্গবন্ধুর সমালোচনা করা হয়ে থাকে; তবে ওই সময়ের পরিস্থিতিতে বঙ্গবন্ধুর হাতে ‘নতুন করে’ আরও ক্ষমতা ন্যস্ত করার আবশ্যকতা ছিল না বলে মত দেন অধ্যাপক হারুন।
“কেননা ১৯৭৩ সালে জাতীয় সংসদের নির্বাচনে তার দল আওয়ামী লীগ ৩০০টি এলাকাভিত্তিক আসনের মধ্যে ২৯৩টি আসন এবং প্রদত্ত ভোটের ৭৩ দশমিক ১৭ শতাংশ পেয়ে সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনায় তিনি বিপুল গণম্যান্ডেট লাভ করেছিলেন। সর্বোপরি তিনি ছিলেন জাতির পিতা। তার প্রতি জনগণের সমর্থন, শ্রদ্ধা ও ভালোবাসা ছিল সীমাহীন।”
তিনি আরও বলেন, “নতুন ব্যবস্থায় একটি মাত্র জাতীয় দল প্রবর্তিত হয় বটে, তবে এর মধ্যেও নির্বাচনে একাধিক প্রার্থীর বিধানসহ প্রতিদ্বন্দ্বিতার ব্যবস্থা রাখা হয়েছিল।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় অধ্যাপক হারুনের বক্তব্যের সমর্থনে বলেন, “বঙ্গবন্ধুর যে দ্বিতীয় বিপ্লবের কথা বক্তা বললেন... বাংলাদেশের চতুর্থ সংশোধনী। সেটা তার আজীবন গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল কি-না এই প্রশ্ন আমাদের মনে জাগে।
“বক্তা বলেছেন, এটি একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। বঙ্গবন্ধুর বক্তৃতা-বিবৃতিতেও তিনি বলছেন যে, দেখা যায় যে এটা দিয়ে কাজ হচ্ছে না, এটার মধ্যে ত্রুটি আছে। তাহলে এটাকে রেকটিফাই করা যাবে।”
“বিচারপতি সায়েম তার আত্মজীবনীতে লিখেছেন, বঙ্গবন্ধু তাকে বলেন যে, এই চতুর্থ সংশোধনীটি করেছেন, এটা অস্থায়ী ব্যবস্থামাত্র। সায়েম লিখেছেন যে, এটার জন্য বঙ্গবন্ধুর সমালোচনার কারণ আমি দেখি না। সুতরাং এটি একটি অস্থায়ী ব্যবস্থা ছিল।”
চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামোর ‘অনেকটা পরিবর্তিত’ হয়ে গেলেও বঙ্গবন্ধু হত্যার কারণে দ্বিতীয় বিপ্লবের ভবিষ্যৎ জানা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
“কারণ, এর সবটি বাস্তবায়িত হওয়ার আগেই ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করল।”
চতুর্থ সংশোধনীর সঙ্গে বঙ্গবন্ধুকে হত্যার কোনো সম্পর্ক নেই মন্তব্য করে সংবিধানের বাংলা অনুবাদক আনিসুজ্জামান বলেন, “বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারা বাংলাদেশ চায়নি বলেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তারা বঙ্গবন্ধুকে হত্যার লক্ষ্য হিসাবে বিবেচিত করেছিল।
“এটা বোঝা যায়, একাত্তরের যে জয়োধ্বনি, জয় বাংলার, বঙ্গবন্ধুকে হত্যা করার সঙ্গে সঙ্গেই সেটা তারা পাল্টে দিল। কাজেই ১৯৭১ এর ব্যাপারে তাদের যে অভিমত বা মতদ্বৈততা ছিল, সেটা আরও পরিষ্কার হল, কেন্দ্রীয় কারাগারের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করার পর।”
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের ওই বক্তৃতা অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান স্বাগত বক্তব্য দেন।
