গাড়িতে তুলে তরুণীকে যৌন হয়রানি; চালক রিমান্ডে
ঢাকার মহাখালীতে এক তরুণীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার চালক ইমরানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এই আদেশ দেন।
জিজ্ঞাসাবাদের জন্য ইমরানকে পাঁচ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার তার শুনানি হবে বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আব্দুল মান্নান জানিয়েছেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মহাখালী রেল গেইটের কাছে বাসের জন্য অপেক্ষারত ওই তরুণীকে বনানী পৌঁছে দেওয়ার কথা বলে ইমরান গাড়িতে তুলেছিলেন।
ওই তরুণীর মামলায় বলা হয়, প্রাইভেটকার থামিয়ে তার গন্তব্য বনানী শুনে পৌঁছে দিতে গাড়িতে উঠিয়েছিলেন ইমরান। কিন্তু গাড়ি গুলশান-১ এর দিকে মোড় নিলে তার সন্দেহ হয়।
“এসময় ইমরান বলেন যে, গুলশান-১ ঘুরে বনানী যাবেন। এরপর গুলশান-১ থেকে ঘুরে আবার মহাখালীর দিকে রওনা হয়।”
তিতুমীর কলেজের বিপরীতে গাড়ি থামিয়ে ইমরান শ্লীলতাহানির চেষ্টা করেন ওই তরুণী জানান।
তখন তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইমরান গাড়ি চালিয়ে দেন। আমতলীতে যানজটে তিনি আটকা পড়লে স্থানীয়রাসহ ট্রাফিক পুলিশ গাড়িসহ ইমরানকে আটক করে।
পরে ওই তরুণী বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমরানের বিরুদ্ধে মামলা করেন।
