মালিক প্রতিনিধিতে আটকে সাংবাদিকদের ওয়েজ বোর্ড: ওবায়দুল কাদের
সাংবাদিকদের নবম বেতন কাঠামো ঘোষণায় সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে এক্ষেত্রে বোর্ডে মালিকদের প্রতিনিধি না দেওয়াকে দেরির কারণ দেখিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের।
সংবাদকর্মীদের নবম বেতন বোর্ড ঘোষণার প্রয়োজন নেই বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এক বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে বুধবার টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নে এই কারণ দেখান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “মাননীয় অর্থমন্ত্রী কী বলেছেন, তা আমি জানি না। তবে তিনি আলোচনার দ্বার বন্ধ করে দেননি। তিনিও বলেছেন, আলোচনা চলবে।”
নবম ওয়েজ বোর্ড ঘোষণা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী কাদের।
“প্রধানমন্ত্রী স্বয়ং নীতিগতভাবে একমত হয়ে তথ্যমন্ত্রীকে বলেছেন, ‘গো এহেড’। আমি যতটুকু জানি, ওয়েজ বোর্ড বাস্তবায়নের পথে তারা (তথ্য মন্ত্রণালয়) ৮০ ভাগ এগিয়ে গেছেন।”
বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান করে গঠিত নবম রোয়েদাদ বোর্ডে সংশ্লিষ্ট সবার প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও মালিক পক্ষ এখনও নাম দেয়নি বলে জানান ওবায়দুল কাদের।
“মালিক প্রতিনিধি ছাড়া অন্য কোনো সমস্যা এখন নেই। একটা জায়গাতে ঘাটতি আছে, সেটা পূরণ হলেই ওয়েজ বোর্ড যথাসময়ে ঘোষণা হবে।”
দুপুরে মহাসড়কের চার লেইনের কাজ পরিদর্শনের সময় টাঙ্গাইলের রাবনা বাইপাসে নবম বেতন বোর্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেপড়েন সড়কমন্ত্রী।
তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে আগামী ১০ দিনের মধ্যে মহাসড়কেসংস্কার কাজ শেষ করা হবে, যাতে ঈদের আগে মানুষ নির্বিঘ্নে ঘর ফিরতে পারে।
জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেইনের কাজ নির্দিষ্ট সময়েই শেষ হওয়ার আশা দেখান তিনি।
