২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি চারুকলার বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা তেল ও জল রঙ এবং পেন্সিল ও নিরীক্ষাধর্মী চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনী শুরু হয়েছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 02:20 AM

Updated : 11 Oct 2022, 02:22 PM

সোমবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ‘বার্ষিক চিত্র প্রদর্শনী’ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে ৬০ শিক্ষার্থীর ৭২টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

আগামী ১৩ অগাস্ট পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকরা এসব চিত্রকর্ম ঘুরে দেখতে পারবেন।

আরেফিন সিদ্দিক প্রদর্শনীর উদ্বোধন করে এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত নয়জনের হাতে পুরস্কার তুলে দেন।

তেল ও জল রঙ এবং পেন্সিল ও নিরীক্ষাধর্মী এই চার শ্রেণিতে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

পুরস্কার পাওয়া শিল্পীরা হলেন নিরীক্ষাধর্মী কাজে শেখ ফাইজুর রহমান, ‘ক্রাইসিস অ্যান্ড ক্যাপসুল গড’ শিরোনামের চিত্রকর্মের জন্য মো. রেজাউল করিম, ‘এক্সপেরিমেন্ট’ শীর্ষক কাজের জন্য মো. রাকিবুল আনোয়ার, তেল রঙে আঁকা কাঁচাবাজর শীর্ষক চিত্রের জন্য মো. তরিকুল ইসলাম, চারুকলা প্রাঙ্গণ শীর্ষক চিত্রের জন্য শাহানা মোস্তফা, পেন্সিল মাধ্যমে সৌরভ ধর এবং জল রঙ শ্রেণিতে সৈকত সরকার। এছাড়া ভুটানের শিক্ষার্থী উগেন তেসরিং দয়া পেয়েছেন মাহবুবুল আমিন স্মৃতি পুরস্কার এবং শহীদ শাহনেওয়াজ স্মৃতি পুরস্কার পেয়েছেন নাজমুস ছাকিম খান।

কাজের মান বিচারে এবছর জয়নুল আবেদীন পুরস্কার পাননি কোন শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, ভালো পেশাজীবী অনেক পাওয়া যায়, কিন্তু ভাল মানুষের বড়ই অভাব।

“চারুকলার শিক্ষার্থীরা প্রকৃতির কাছাকাছি থাকে বলে তাদের পক্ষে প্রকৃতির মতোই উদার হওয়া সম্ভব। ভাল শিল্পী হওয়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, সেখানেই শিক্ষার্থীর সার্থকতা।”

সভাপতির বক্তব্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, শিক্ষার্থীদের ছবি আঁকার প্রতি আরও মনোযোগী হতে হবে। বাড়াতে হবে কাজের মান।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করা অধ্যাপক শিশির ভট্টাচার্য্য বলেন, “শিক্ষার্থীদের কাজ দেখে আমরা খুব তৃপ্ত হইনি। জয়নুল আবেদিনের নামাঙ্কিত পুরস্কার দেওয়ার মত যোগ্য কোন কাজ ছিল না। তবে এর মাঝেও কিছু ভাল কাজ রয়েছে, সেগুলোই পুরস্কার পেয়েছে।”