সৌদির কৌশলগত সামরিক অংশীদার হওয়া যায়: শেখ হাসিনা
বাংলাদেশ সৌদি আরবের কৌশলগত সামরিক অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটির চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল আবদুল রহমান আল-বুনাইয়ানকে একথা বলেছেন তিনি।
সৌদি আরবের সফরত সেনা কর্মকর্তা সোমবার গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
শেখ হাসিনা দুই দেশের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি, সামরিক অবকাঠামো নির্মাণ, জাহাজ নির্মাণ এবং বাংলাদেশের সমর সরঞ্জাম রপ্তানির কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
কৌশলগত সামরিক অংশীদারিত্বের এই ব্যাখ্যাই সাংবাদিকদের দিয়েছেন প্রেস সচিব।
সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে ৩৪ মুসলিম দেশের সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত গত বছর জানিয়েছিল বাংলাদেশ।
তা নিয়ে আলোচনার মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সৌদি জোটের অধীনে কোথাও বাংলাদেশি সৈন্য মোতায়েন করা হলে তা জাতিসংঘের নীতিমালা মেনেই করা হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে চমৎকার সম্পর্কের কথা সৌদি জেনারেল উল্লেখ করেন বলে প্রেস সচিব জানান। তিনি বলেন, আল-বুনাইয়ান তার দেশের সেনা সদস্যদের বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়ার কথাও বলেছেন।
বৈঠকে শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
সৌদি জেনারেল বলেন, দুই দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সক্রিয়।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিষয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানান ইহসানুল করিম।
সৌদি আরবের অর্থনীতিতে সেখানে কর্মরত বাংলাদেশি নাগরিকদের অবদানের কথাও সৌদি জেনারেলকে বলেন শেখ হাসিনা।
সৌদি জেনারেলের আগে থাইল্যান্ডের রাজকীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স ফোর্সেস জেনারেল সুরাপং সুয়ানাথ গণভবণে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
থাই জেনারেল বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান।
ছবি: পিআইডি
পর্যটন খাতে দু’দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক হতে পারে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
থাইল্যান্ডের স্বাস্থ্য সেবার প্রশংসা করে বেড়ানোর পাশাপাশি চিকিৎসার জন্য বাংলাদেশের নাগরিকদের সেখানে যাওয়ার কথাও জানান শেখ হাসিনা।
তিনি বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতু বলে উল্লেখ করেন।
দুটি বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
