২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের গণতন্ত্রচর্চায় সম্পৃক্ত করতে ব্র্যাকের ‘বিতর্ক বিকাশ’ 

চিন্তার বিকাশ, সৃজনশীলতা ও মতপ্রকাশের দক্ষতা বাড়ানোর মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে গণতন্ত্রচর্চায় সম্পৃক্ত করতে ‘বিতর্ক বিকাশ’ নামে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 07:08 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

রোববার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি করেছে বেসরকারি সংস্থাটি।

ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মুসা, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে ব্র্যাক, বিতার্কিকদের দক্ষতা ও প্রশিক্ষণসহ সার্বিক উন্নয়নে সহায়তা করবে ডিবেট ফোর ডেমোক্রেসি ও এটিএন বাংলা মিডিয়া পার্টনার হিসেবে প্রতিযোগিতা সম্প্রচার করবে।

জাতীয় পর্যায়ে বিতর্কের প্রচার ও প্রসারের লক্ষ্যে ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠান তিনটি যৌথভাবে ২০১২ সাল থেকে কাজ করে আসছে বলে জানান ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম।  

বাংলাদেশের সব বিদ্যালয়ে বিতর্ককে নিয়মিত কার্যক্রমে পরিণত করে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

২০১৬ সালে দেশের ৮৭৩টি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে ১৭ হাজার ৪৬০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

সমাজ ও আগামী প্রজন্মকে গড়ে তুলতে ‘বিতর্ক বিকাশ’ কাজ করে যাচ্ছে এমন মন্তব্য করে ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মদ মুসা বলেন, “দেশের বিভিন্ন পর্যায় ও স্তরের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কাজ করছি আমরা। যুক্তি ও তথ্যের ভিত্তিতে বিভিন্ন মত তুলে ধরার মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যার জন্য বেশি করে বিতর্ক চর্চা প্রয়োজন।”