২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীর মৃত্যু: বনশ্রীর গৃহকর্তা, দারোয়ান রিমান্ডে

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলীর বেগমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গৃহকর্তা মুন্সী মইন উদ্দিন ও দারোয়ান তোফাজ্জল হোসেন টিপুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 06:18 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

মামলার তদন্ত কর্মকর্তা বনশ্রী থানার এসআই মঞ্জুর হোসেন শনিবার এই দুজনকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক ঢাকার মহানগর হাকিম একেএম মাইন উদ্দিন তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আশরাফ আলী জানিয়েছেন।

হেফাজতে নেওয়ার আবেদন উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার সকাল ৭টায় লাইলী (২৬) ওই বাসায় কাজে যাওয়ার কিছু সময় পর চেঁচামেচি শুনে ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের গৃহকর্মী লাইলীর আত্মীয় নূরনাহার গিয়ে সেখানে তাকে অচেতন দেখতে পায়। প্রকৃত ঘটনা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুক্রবার বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা থেকে গৃহকর্মী লাইলীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে এলাকার গৃহকর্মী ও আশপাশের নিম্ন আয়ের মানুষরা প্রায় দুই ঘণ্টা ওই বাড়ি ঘিরে রাখে। তার একটি গাড়ি পুড়িয়ে দেয়; পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

এই ঘটনায় লাইলীর ভাশুর শহীদুল ইসলাম বাড়ির মালিক, তার স্ত্রী ও দারোয়ানসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রাতেই খিলগাঁও থানায় হত্যামামলা করেন।

তবে এই মামলায় পুলিশ গৃহকর্ত্রী শাহনাজকে হেফাজতে নেওয়ার আবেদন না করায় থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

আদালতে আসামিদের পরে আইনজীবী শামীমা আক্তার বানু রিমান্ড বাতিলের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।