২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহুরে শিশুদের তুলিতে গ্রামের ছোঁয়া

ইট-কাঠ-কংক্রিটের চার দেয়ালে বেড়ে ওঠা শিশুরা তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে সবুজ দিগন্ত, নদী আর পাল তোলা নৌকার চিত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 11:40 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

অচেনা গ্রামের চিত্র কল্পনায় সাজিয়ে ক্যানভাসে মূর্ত করে তোলার চেষ্টা করেছে শহুরে এই শিশুরা।

শুক্রবার বিকালে রাজধানীর উত্তরায় শিশু সাংস্কৃতিক কেন্দ্র 'ইচ্ছেতলা'র কার্যালয়ে শিশুদের আঁকা এসব চিত্রের প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য।

ইচ্ছেতলার ক্লাসে গত এক বছরে ১৫০ জন ইচ্ছেব্রতীর (শিশু) আঁকা ১৫০টি বাছাই করা ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

৬ বছরের শিশু বুদুরার গ্রাম ও নদীর মিশেলে আঁকা ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে।

সে বললো, “আমি গ্রামের ছবি এঁকেছি, নদীর ছবি এঁকেছি; কারণ গ্রাম আমার অনেক ভাল লাগে।”

আরেক শিশু চৌধুরী তাহিয়া বিনতে তাহের বললো, ছবি আঁকার পাশাপাশি সহপাঠীদের ছবি দেখতেও ভালো লাগে তার।

“বৃষ্টির ছবিগুলো ভালো লাগছে, গ্রামের ছবিও; যেন ঘুরতে আসছি।”

গ্রামের চিত্রের প্রাধান্য থাকলেও প্রদর্শনীতে শহরে জনজীবনসহ নানা প্রসঙ্গ উঠে এসেছে।

এ ধরণের প্রদর্শনী শিশুদের আরও উৎসাহিত করবে বলে মনে করেন এক অভিভাবক মিথিলা।

তিনি বলেন, “বাচ্চারা নিজেরা আঁকছে, অন্যদেরটা দেখে উৎসাহিত হচ্ছে। শহর, গ্রাম, বৃষ্টিসহ যা যা আঁকছে, এসব বিষয়ে আনন্দের সাথেই কিছুটা জানাশুনাও হচ্ছে তাদের। এটা নিঃসন্দেহে ভাল উদ্যাগ।”

প্রদর্শনীর উদ্বোধন করা চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদের আঁকা ছবিতে সবসময়ই সৃজনশীলতা থাকে, কারণ তারা তাদের ইচ্ছেমতো রঙের খেলা করে। যেটা আমরা পারি না।

“আর এ ছবিগুলোতে শিশুসুলভ বিষয়গুলোই ভাল লাগছে সবচেয়ে বেশি। তারা যে ইচ্ছে অনুযায়ী আঁকছে; আকাশগুলো আঁকছে হলুদ রঙ দিয়ে, পাহাড়গুলো নিজের ইচ্ছের রঙে আঁকছে। এই বিচিত্রময়তটাই ভাল লাগছে।"

শিশুদের গান, নৃত্য, আবৃত্তি, মার্শাল আর্ট, চিত্রাংন শেখাতে ২০১৬ সালের ১১ মার্চ যাত্রা করা 'ইচ্ছেতলা'র প্রতিষ্ঠাতা সদস্য নাট্যব্যক্তিত্ব আফসানা মিমি।

চিত্র প্রদর্শনীর বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা সবসময়ই শিশুদের জন্য নানা ধরণের অনুষ্ঠান করি। এবারই প্রথম তাদের নিয়ে চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন করলাম। শিশুদের উৎসাহ যোগাতেই আসলে এ উদ্যোগ।”