স্মার্টফোন আসায় অঙ্গ-প্রত্যঙ্গ বেড়ে গেছে: পলক
স্মার্টফোন ও ট্যাব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মতোই কাজ করে মন্তব্য করে মানুষের জীবনে এর প্রয়োজনীয়তার কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
পলক বলেন, “আমাদের শরীর স্পর্শ করলে ত্বক যেমন সাড়া দেয়, স্মার্টফোন বা ট্যাব স্পর্শ করলেও সাড়া মেলে। স্মার্টফোন তার ক্যামেরা দিয়ে দেখে আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের মতোই বুদ্ধি করে চলে। আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ আসলে এখন বেড়ে গেছে।”
বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বেশি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বিগত সাড়ে আট বছরে আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ফলে আমাদের ক্রয়ক্ষমতা বেড়েছে। এই বছরগুলোতে পাঁচ কোটি মিডল ইনকাম কনজ্যুমার তৈরি হয়েছে বাংলাদেশে। ফলে টেকনোলজি গ্রহণের সক্ষমতা অনেক বেড়েছে।”
স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপোতে বিভিন্ন ডিভাইস দেখছেন দর্শনার্থীরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপোর একটি স্টলে স্মার্টফোনের গুণাগুণ বোঝাচ্ছেন বিক্রেতারা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম আইসিটি খাতে বহির্বিশ্বে বাংলাদেশের সুনামের কথা জানান।
তিনি বলেন, “থাইল্যান্ডের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব পাচ্ছে আইসিটি খাত। থাইল্যান্ড, কম্বোডিয়ার সাথে আমাদের আইসিটি ডিভিশন একটি উদ্যোগ নিতে যাচ্ছে, আশা করি দেশটির আইসিটির অগ্রগতিতে আমরাও অংশীদার হতে পারব।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপোর উদ্বোধনী দিনে দর্শনার্থীদের ভিড়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক
স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপোতে বিভিন্ন ডিভাইস দেখছেন দর্শনার্থীরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক
প্রতিটি পণ্যের সাথেই পাওয়া যাচ্ছে উপহার, ছাড় বা ক্যাশব্যাক। এছাড়াও সুযোগ রয়েছে 'সেলফি বাজ কুইজ কন্টেস্ট' এ পুরস্কার জেতার সুযোগ।
শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা।
