ব্র্যাক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষক লাঞ্ছনা এবং নিরাপত্তাকর্মীদের হামলার প্রতিবাদে চালিয়ে আসা আন্দোলন ‘আপাতত স্থগিত’ করেছেন শিক্ষার্থীরা।
একইসঙ্গে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অনশন কর্মসূচিও সন্ধ্যায় স্থগিত করেছেন তারা।
শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে গত রোববার থেকেই উত্তাল ছিল বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি। বিক্ষোভের মধ্যেই গত মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের ‘হামলার’ ঘটনা ঘটে। ওই হামলার বিচারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলে আন্দোলনে নতুন মাত্রা পায়।
রোববার থেকে ক্লাসের পাশাপাশি পরীক্ষাও বর্জনের ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে।
যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভের মুখে বুধ ও বৃহস্পতিবারের ক্লাস বন্ধ ঘোষণা করেছিল। তবে এ সময় পরীক্ষা চালানোর কথা বলা হয়েছিল।
অদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের মধ্যে এসে হাজির হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সামিয়া হক।
“আমরা সত্যিই আপসেট এই ঘটনায়। তোমাদের উপর কোনো অন্যায় হয়ে থাকলে তার প্রতিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই করবে। তোমরা লিখিত অভিযোগ দাও। কিছু ফরম্যাল প্রসিডিওর তো আছে। অনুরোধ করব, তোমরা তোমাদের ক্যারিয়ারের স্বার্থে ক্যাম্পাসে ফিরে আসো, পরীক্ষা দাও।”
তার বক্তব্যের পর অনশন কর্মসূচিতে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী শেখ নোমান পারভেজ ঘোষণা দেন, আগামী রোববার থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা অংশ নেবেন।
“শিক্ষার্থীদের শারীরিক ও যৌন নিপীড়নের ঘটনায় মনমতো বিচার না পেলে আমরা আবারও আন্দোলনে যাব।”
নোমান এ সময় কয়েকটি দাবিও উত্থাপন করেন।
এসময় আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে চাকরিচ্যুত ও লাঞ্ছনার ঘটনায় রেজিস্ট্রার শাহুল আফজাল, সহকারী রেজিস্ট্রার মাহি উদ্দিন ও সহশিক্ষা কার্যক্রমের সিনিয়র অফিসার জাভেদ রাসেলকে বরখাস্তের দাবি জানান।
পরে প্রক্টর সামিয়া হক ও ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষক শেওতি হক শিক্ষার্থীদের অনশন ভাঙ্গান।
