বঙ্গমাতার জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণার সুপারিশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহধর্মিণী বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের জন্মদিনকে (৮ অগাস্ট) জাতীয় দিবস হিসেবে পালনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ প্রজন্মের কাছে ফজিলাতুনন্নেসা মুজিবের জীবন সংগ্রাম, শেখ মুজিবুর রহমানের কারাবাসকালীন বাংলাদেশ আওয়ামী লীগ ও অংগ সংগঠনগুলোকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সংগঠিত করা এবং তার দেশপ্রেমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ফজিলাতুন্নেসার জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে পালনের সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটি আগামী ৮ অগাস্ট বেগম ফজিলাতুনন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত ১৩ জুলাই সংসদীয় কমিটির বৈঠকে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ৮ অগাস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেছিলেন।
সেদিন তিনি বলেছিলেন, ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনকে জাতীয় দিবস হিসেবে পালনের জন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা এলে ভাল হয়।
বৈঠকে জানানো হয়, নারী ও শিশু বান্ধব সেবা দেওয়ার লক্ষ্যে দেশে বর্তমানে বিভিন্ন পুলিশ স্টেশনে ৪৭১ জন নারী পুলিশ কর্মকর্তা এবং তিন হাজার ২৮৭ জন নারী পুলিশ কনস্টেবল কর্মরত আছেন।
কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, ফজিলাতুন নেসা, মনোয়ারা বেগম, আমিনা আহমেদ, সালমা ইসলাম ও রিফাত আমিন বৈঠকে উপস্থিত ছিলেন।
