২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৭ ধারা বাতিলের দাবিতে সমাবেশ

তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় কয়েকজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে এই ধারাটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 08:27 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ডাকে এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, “৫৭ ধারার করা মামলায় সাংবাদিকদের হয়রানির মধ্যে থাকতে হচ্ছে। অবিলম্বে এই ধারাটি প্রত্যাহারের দাবি করছি।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী বলেন, গত দুই মাসে ২২ জন সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে।

সংসদের চলতি অধিবেশনেরই এই ধারাটি বাতিলের দাব জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, “৫৭ ধারা প্রণয়নের সময়ই সাংবাদিকরা বলে আসছিল তার অপপ্রয়োগ হবে। এটা একটা নিবর্তনমূলক ও হয়রানিমূলক আইন। সরকারি মহল থেকে আইন বারবার বাতিলের কথা বলা হলেও তা হচ্ছে না। সাংবাদিক সমাজ আইনটি বাতিল চায়।”

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় যে মামলা হয়েছে, সেগুলো প্রত্যাহারের জন্য সাতদিন সময় দেওয়া হল।

“তার মধ্যে মামলাগুলো প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা কর্মসূচি দিতে বাধ্য হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিকরা ঘরে ফিরে যাবে না।”

৫৭ ধারার মামলার শিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব বলেন, “যখন সাংবাদিকদের তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত থাকার কথা তখন তারা মামলায় জড়িয়ে ৫৭ ধারা প্রত্যাহারের দাবিতে রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। এটা কারও প্রত্যাশা হতে পারে না।”

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু ও কামরুজ্জামান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক নয়ন মুরাদ বক্তব্য রাখেন।