২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটির বিএনপিপন্থী ৬ কাউন্সিলরের জামিন

নাশকতার মামলায় গ্রেপ্তার গাজীপুর সিটি করপোরেশনের বিএনপিপন্থী ছয় ওয়ার্ড কাউন্সিলরকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 03:41 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও এ এন এম বসির উল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার তাদের জামিন দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু হানিফ; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

পরে আবু হানিফ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার তার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল বিচারক মো. ইকবাল হোসেন।

এ আদেশের বিরুদ্ধে বুধবার হাই কোর্টে আপিল করেন তারা। সেই আপিল মঞ্জুর করে হাই কোর্ট ৬ কাউন্সিলরকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন।

ছয় কাউন্সিলর হলেন- ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তানভীর আহম্মেদ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হান্নান মিয়া হান্নু, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল মো. সফি উদ্দিন এবং ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলেক।

২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই আহাদুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে ওইদিনই মামলা করেন।

ওই মামলায় সিটি মেয়র এমএ মান্নান ও কয়েকজন কাউন্সিলরসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান তদন্ত করে আরো তিনজন কাউন্সিলরসহ মোট ৫১ জনের নাম উল্লেখ করে ওই ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় চার্জশিটভুক্ত পলাতক আট কাউন্সিলর বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালত দুই জনকে জামিন দিয়ে ছয় কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে বুধবার আপিল করেন ছয় কাউন্সিলর।

ওই আবেদনের শুনানি নিয়েই তাদের অন্তবর্তীকালীন জামিন দিল উচ্চ আদালত।

পুরনো খবর:

গাজীপুরে ৬ কাউন্সিলর কারাগারে