২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নব্য জেএমবির আমিরপত্নী’ ৬ দিনের রিমান্ডে

নব্য জেএমবির কথিত আমির আইয়ুব বাচ্চু ওরফে সাজিদ হাসান সজীবের স্ত্রী আরশিদা ওরফে আশরাতি জাহান তিথিকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 12:04 AM

Updated : 11 Apr 2022, 11:55 PM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহা. আহসান হাবীব রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, তিথিকে কুষ্টিয়া কারাগার থেকে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর উত্তরা পশ্চিম থানার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন কট্টরপন্থি, কুসংস্কারে বিশ্বাসী ও উগ্রপন্থি জঙ্গি সংগঠনের (সরোয়ার-তামিম গ্রুপ) সক্রিয় সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করলে নব্য জেএমবির আমির ও তার দলের কার্যক্রমের বিভিন্ন তথ্য, আলামত এবং পালিয়ে থাকা জঙ্গিদের শনাক্ত করে গ্রেপ্তার সম্ভব।

গত ৩০ জুন মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারার একটি বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তিথি এবং এই জঙ্গি সংগঠনটির ‘সেকেন্ড ইন কমান্ড’ রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়া ও ভেড়ামারার ঠাকুর দৌলতপুরের আরমানের স্ত্রী টলি আরাকে গ্রেপ্তার করে।   

ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ১০ কেজি ওজনের উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য, দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার।

পুরনো খবর:

‘অপারেশন টেপিড পাঞ্চ’: গ্রেপ্তার ৩ নারী ‘জেএমবি’ রিমান্ডে
কুষ্টিয়ার আস্তানা থেকে নব্য জেএমবির আমিরের স্ত্রী গ্রেপ্তার